গ্রুপ থিয়েটারের সেই সংগ্রামী চরিত্র এখন নেই: রামেন্দু মজুমদার
পথ চলার ৩৮ বছরে বাংলাদেশের নাট্যচর্চার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম গ্রুপ থিয়েটার ফেডারেশনের ‘সংগ্রামী চরিত্রটি এখন নেই’ বলে মন্তব্য করেছেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
খ্যাতিমান এই নাট্য নির্দেশক-অভিনেতা বলেছেন, গ্রুপ থিয়েটারের চর্চা এখন কেবল শিল্পকলা একাডেমিকেন্দ্রিক হয়ে উঠেছে।
শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে গ্রুপ থিয়েটার ফেডারেশনের ত্রয়োবিংশ জাতীয় সম্মেলনের উদ্বোধনী একথা বলেন রামেন্দু মজুমদার।
তিনি বলেন, “আজ নিজেদের আত্মঅনুসন্ধান করতে হবে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা গ্রুপ থিয়েটার চর্চা শুরু করেছিলাম, ফেডারেশনের সেই সংগ্রামী চরিত্রটি এখন আর নেই। আমরা মঞ্চে মানুষের কথা বলছি, কিন্তু বাইরেও তো সমভাবে তাদের কথা আমাদের বলতে হবে। আর একটা ব্যাপার লক্ষণীয়, গ্রুপ থিয়েটার চর্চা এখন শিল্পকলা একাডেমিকেন্দ্রিক হয়ে গেছে। আমাদের নিজস্ব আলাদা বৈশিষ্ট্য নিয়ে গ্রুপ থিয়েটার চর্চা করতে হবে।”
সত্তরের দশকে নাট্যচর্চায় যে অগ্রযাত্রা রচিত হয়েছিল, হালের নাট্যচর্চায় সে অগ্রযাত্রা ‘অনেকটাই স্তিমিত’ হয়ে গেছে বলেও হতাশা প্রকাশ করেন তিনি।
রামেন্দু মজুমদার বলেন, “এসবের পেছনে আলাদা কারণ রয়েছে। সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। ঢাকার বাইরে অনেক বিভাগীয় শহরে নিয়মিত নাটক হয় না। ঢাকায় বলছি, দর্শক হয় না। শিল্পকলা একাডেমির পাশাপাশি মহিলা সমিতি মিলনায়তন চালু করা হলেও তা জমে উঠেনি। তবে কি আমরা দর্শককে তৃপ্ত করতে পারছি না? আমরা শীঘ্রই একটা গোলটেবিল বৈঠক করে নিজেদের ব্যর্থতা কোথায় রয়েছে, তা নিয়ে আলোচনা করব।”
এ সময় তিনি ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও উপজেলা শহরে ছোট পরিসরে মঞ্চ নির্মাণ করে সেখানেই নাট্যচর্চা বেগবান করার অনুরোধ জানান নাট্যকর্মীদের প্রতি।
রামেন্দু মজুমদারের মতো তিনিও নাট্যচর্চাকে ঢাকার বাইরে বিস্তৃতির পরামর্শ দেন।
শিরীন শারমিন বলেন, “গ্রুপ থিয়েটার ফেডারেশনের এখন গুরুত্বপূর্ণ লক্ষ্য হল, সারা দেশে উপজেলা পর্যায়ে স্থায়ী নাট্যমঞ্চ প্রতিষ্ঠার জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা। নাট্যচর্চায় যে সফলতা ও সমৃদ্ধি অর্জিত হয়েছে সেগুলো শুধু রাজধানীকেন্দ্রিক বা বিভাগীয় শহরভিত্তিক করলে হবে না, আমাদের ছড়িয়ে দিতে হবে মফস্বল পর্যন্ত।
“দর্শক অনেক আছে। সারা দেশে নাটক মঞ্চায়ন শুরু করেন, আপনারা অনেক সাড়া পাবেন।”
এ সময় তিনি বিভিন্ন নাট্যদলগুলোর চর্চার জন্য মহড়াকক্ষ বরাদ্দ নিশ্চিৎ করার পাশাপাশি মফস্বল
পর্যায়েও জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়ামের ব্যবস্থা করতে গ্রুপ থিয়েটার ফেডারেশনকে পরামর্শ দেন।
গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু ও আতাউর রহমান।
এই সম্মেলনের মাধ্যমে গ্রুপ থিয়েটার ফেডারেশনের চলতি কমিটির মেয়াদ পূর্তি হবে। সারা দেশের নাট্য সংগঠনগুলোর প্রতিনিধিরা সরাসরি ভোটের মাধ্যমে শনিবার নির্ধারণ করবেন ফেডারেশনের নতুন নেতা।
এবারের নির্বাচনে ফেডারেশনের বর্তমান সভাপতি লিয়াকত আলী লাকীর সঙ্গে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঝুনা চৌধুরী। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক আক্তারুজ্জামানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল বায়েজিদ।
