২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক ও নাগরিক দায়বদ্ধতার নাটক ‘বুঝতে হবে’

সামাজিক ও নাগরিক দায়বদ্ধতা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বুঝতে হবে’। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মামুন খান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 04:07 PM

Updated : 25 Jul 2022, 08:33 PM

মঞ্জুর রহমানের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা রিয়াজুল রিজু, আফরান নিশো, নাদিয়া নদী, ফারজানা রিক্তা, কাজী উজ্জল, হাসি মুন, মেহেদী আকাশ সহ অনেকে।

নাটকটিতে দেখা যাবে সজল একজন শিক্ষিত পজিটিভ মনের মানুষ। সে সমাজের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি অসংগতি দূর করে সুন্দর একটি স্বদেশের স্বপ্ন দেখে।

ঘটনাক্রমে মতুর্জাকে টার্গেট করে সজল কিছু সামাজিক ভুলত্রুটি সংশোধনের চেষ্টা চালায়।

যেমন- রাস্তায় কলার খোসা ফেলা, ওভারব্রীজ রেখে রাস্তা পার হওয়া, মহল্লার রাস্তায় ক্রিকেট খেলা, লাইন ছেড়ে যত্রতত্রভাবে বাসে ওঠা।

এসব ঘটনায় মতুর্জা রেগে যান। একমাত্র মেয়ে আনিতার সাথে বাকবিতণ্ডা হয়।

আনিতা সজলকে ভালোবাসে। এ বিষয় নিয়ে সজল ও আনিতার মধ্যে টানাপোড়ন শুরু হয়। সজল আনিতাকে কথা দেয় সে আর মর্তুজাকে বিভ্রান্ত করবে না।

নির্মাতা মামুন খান বলেন, “একটি সামাজিক ও নাগরিক দায়বদ্ধতা নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। গেলো বছর অক্টোবরে নাটকটির শুটিং হয়। শুক্রবার প্রচারিত হতে যাচ্ছে। আশা করছি দর্শক নাটকটি সচেতনতার পাশাপাশি উপভোগও করবেন।”

কারুকাজ প্রোডাকশন প্রযোজিত নাটকটির নির্বাহী প্রযোজক রাশেদ জামান। 

শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।