২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবা’র ‘পাপ কাহিনী’ শুরু

শুরু হলো শাহরিয়ার নাজিম জয়ের তৃতীয় চলচ্চিত্র ‘পাপ কাহিনী’র শুটিং। বুধবার রাজধানীর উত্তরার এক শুটিং হাউজে চলছে চলচ্চিত্রটির চিত্রধারন। শুটিং স্পট থেকে চলচ্চিত্রটি সম্পর্কে জানালেন চলচ্চিত্রটির অন্যতম অভিনয়শিল্পী সোহানা সাবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2018, 06:48 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

বাংলাদেশ-কলকাতায় দুই দেশের বড়পর্দায় ব্যস্ত সময় পার করছেন সোহানা সাবা। ছোটপর্দায়ও ব্যস্ততার কমতি নেই।

এই কিছুদিন হলো দীপ্ত টিভি’র ধারাবাহিক ‘মধ্যবর্তিনী’-তে অভিনয় করলেন। পাশাপাশি বিশেষ দু’টি এক ঘন্টার নাটকেও।

কলকাতায় দুটো চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় দিন গুনছে। কথা চলছে আরও দু’টো চলচ্চিত্রের।

দেশে ‘আব্বাস ওটু’ নামের একটি চলচ্চিত্রের শুটিং-এ সময় দিচ্ছেন। তারই ফাঁকে যুক্ত হলেন শাহরিয়ার নাজিম জয়ের নতুন ছবি ‘পাপ কাহিনী’-তে।

কেন যুক্ত হলেন এ চলচ্চিত্রে? উত্তরে সাবা বললেন, “গল্পটা ভালো, আমার ক্যারেক্টারটা ভালো, জয় ভাই অনেক কাছের একজন মানুষ সবমিলিয়ে চলচ্চিত্রটি করতে আগ্রহী হয়েছি।”

দুই সেলিব্রেটি বোনের সূত্র ধরে সিনেমা জগতের আভ্যন্তরীন গল্প ফুটে উঠবে চলচ্চিত্রটিতে। সোহানা সাবার বোনের চরিত্রে অভিনয় করছেন তমা মির্জা।

নায়ক হিসেবে শুটিং সেটে চিত্রনায়ক ইমনকে দেখা গেলেও সাবার দাবি- “এ ছবিতে হিরো বলতে কোনো কিছু নেই। এখানে একজন নায়িকা এবং তার বোনকে সিনেমায় আনা নিয়ে যে দ্বন্দ সেটা নিয়ে গল্পটা।

সেখানে প্রডিউসারের ক্যারেক্টার একজন করছে, দু’জন হিরোর ক্যারেক্টার করছে। গল্পের সাথে সাথে অনেক ক্যারেক্টারই আসছে। সেই অর্থে কোনো হিরো হিরোইনের গল্প এটা না ”

সাবা জানালেন, তার সঙ্গে খুব একটা রোমান্টিক সিকোয়েন্সও নেই। কীভাবে জমবে সিনেমা?

সাবার উত্তর,“সেটা এখনই বলা যাবে না, কোথায় গিয়ে কীভাবে শেষ হবে সিনেমা, তা বললে তো গল্পটাই বলা হয়ে যাবে।”

চলচ্চিত্রটিতে প্রডিউসার হিসেবে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, হিরো চরিত্রে ইমনের পাশাপাশি দেখা মিলবে শহীদুজ্জামান সেলিমের। বিশেষ চরিত্রে থাকছে ঢাকাই ফিল্মের আইটেমখ্যাত চিত্রনায়িকা বিপাশা কবির।

সাবা জানালেন, বুধবার চলচ্চিত্রের কলাকুশলীদের মধ্যে প্রায় নব্বই ভাগ শিল্পীই শুটিংয়ে অংশ নিয়েছেন। টানা দু’দিন চিত্রধারনের পর আগামী আঠারো মে থেকে শুটিং চলবে কক্সবাজারে।

যুবরাজ খানের নির্বাহী প্রযোজনায় নির্মিতব্য ‘পাপ কাহিনী’ সিনেমার পরিচালনা ছাড়াও এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন শাহরিয়ার নাজিম জয় নিজেই।

এর আগে জয় নির্মাণ করেছেন ‘প্রার্থনা’ ও ‘অর্পিতা’ নামে দুটি ছবি।