২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলায় থ্রিডি অ্যানিমেশন সিরিজ

শিশুদের জন্য বাংলা ভাষায় ত্রিমাত্রিক (থিডি) অ্যানিমেশন সিরিজ নির্মাণ করছে ম‍্যাভেরিক স্টুডিও।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 06:50 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

‘চাচা বাহিনীর আজব কাহিনি’ নামে সিরিজটি নির্মাণের সঙ্গে যুক্ত আছেন হলিউডের ভিজ্যুয়াল ইফেক্টস ক্যাটাগরিতে অস্কার বিজয়ী সিনেমায় কাজ করা বাংলাদেশী ওয়াহিদ ইবনে রেজা।

ম‍্যাভেরিক স্টুডিও জানিয়েছে, বাংলা সাহিত্য ও রূপকথার সমৃদ্ধ ভাণ্ডার শিশু-কিশোরদের সামনে তুলে ধরতেই এ আয়োজন। এতে থাকছে তিনটি চরিত্র। চাচার অবাক করা সব গল্পের ডানায় উড়ে দুই চরিত্র ঝুমঝুমি আর বাবু চলে যায় বিস্ময়কর এক রাজ্যে।

সম্প্রতি সিরিজটির ট্রেইলার ছাড়া হয়েছে। দর্শকদের কাছে আশাব্যঞ্জক সাড়া পাচ্ছেন বলে গ্লিটজকে জানালেন ম‍্যাভেরিক স্টুডিওর ব্যবস্থাপক (ভিএফএক্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) আজহার চৌধুরী।

তিনি বলেন, “যে রকম আশা করেছিলাম তার চেয়ে অনেক ভাল সাড়া পেয়েছি। আমাদের জন্য যে ব্যাপারটা সবচেয়ে মূল্যবান ছিল সেটা হচ্ছে বিভিন্ন সেক্টরের মানুষ আমাদের উৎসাহ দিয়েছেন এবং তাদের পরামর্শ দিয়েছেন। সব মিলিয়ে এখন সামনে যাওয়ার পালা।”

২০১০ সালে ম্যাভেরিক স্টুডিও যাত্রা শুরু হয়। শুরু থেকে ৮ জন কাজ করছেন এ প্রতিষ্ঠানে। প্রথমে বিজ্ঞাপনের কাজ করলেও ২০১৪ সালের দিকে মূল কার্যক্রমের পাশাপাশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং হিসেবে একটি ছোট অ্যানিমেশন ও ভিএফএক্স দল গঠন করা হয়। ২০১৭ সালের মাঝামাঝি সময়ে এসে অ্যানিমেশন সিরিজের কাজটি হাতে নেওয়া হয়।

‘চাচা বাহিনীর আজব কাহিনি’র ধারণা নিয়ে আজহার চৌধুরী বলেন, “আমাদের ভাবনা ছিল, সিরিজে এক ভাই ও এক বোন থাকবে, যাদের খুব প্রিয় একটা চাচা আছে। সেই চাচা বেড়াতে আসা মানেই মজার মজার গল্প শোনা হবে। চাচা গল্প বলা শুরু করলেই দুই ভাই বোন ভিন্ন ভিন্ন জগতে চলে যাবে।”

পরে স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা সাদমান আলভি মূল ধারণাটাকে ধরে চিত্রনাট্য লেখা শুরু করেন। এরপর সেখানে বাংলাদেশী রূপকথার কিছু  উপাদান যোগ করা হয়।

তার ভাবনায়, আমাদের শিশুদের জন্য নিজস্ব সংস্কৃতিকে উপজীব্য করে অ্যানিমেশন তৈরি হওয়া দরকার। এতে করে আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য নিয়ে পরবর্তী প্রজন্ম আরও ভালভাবে জানতে পারবে।

তারা আশা করছেন, প্রথম ৩টি পর্ব সফলভাবে নির্মাণ করতে পারলে সিরিজটি আন্তর্জাতিক পর্যায়েও নিয়ে যাওয়া সম্ভব।

তবে অ্যানিমেশন নির্মাণের খরচ বেশি হওয়ায় স্টুডিওর নিজস্ব অর্থায়নে নির্মাণ প্রায় অসম্ভব বলে জানালেন তিনি।

‘ক্রাউড ফান্ডিংয়ের’ মাধ্যমে কাজটি সফলভাবে সম্পন্ন করতে চায় ম্যাভেরিক স্টুডিও।

স্টুডিওটি জানিয়েছে, যে কেউ সিরিজটি নির্মাণে সহযোগিতা করতে পারেন। এর জন্য chachabahini.com-এ গিয়ে সরাসরি কন্ট্রিবিউট করতে পারবেন। আর যারা দেশে আছেন তারা bit.do/chachabahini লিঙ্কে গিয়ে কন্ট্রিবিউট করতে পারবেন।

দেশের বাইরে ‘ক্রাউড ফান্ডিং’-এর ব্যাপারটি বেশ প্রচলিত হলেও বাংলাদেশে সেভাবে বিষয়টি জনপ্রিয়তা পায়নি এখনও।

আজহার চৌধুরী আশা করছেন,  “আমাদের এ সিরিজের মাধ্যমে সেই দিক থেকে একটি পরিবর্তন আসবে এবং আগামীতে অন্যান্য ভাল প্রজেক্টও ‘ক্রাউডফান্ডিং’-এর মাধ্যমে কিছুটা সহায়তা পাবে।”