২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রিয়তার আড়ালে তারকাদের বিচ্ছিন্নতাবোধ

‘তারকারা আকাশে থাকেন, সাধারণরা তাদের ধরতে কিংবা ছুঁতে পারেন না’- প্রচলিত ধারণাটি যুগের পর যুগ ধরে সমাজের অলিখিত সংবিধানে শক্তপোক্তভাবে জায়গা করে নিয়েছে। তারকারা কি আকাশের তারা হয়ে যান নাকি জনবিচ্ছিন্ন হয়ে পড়েন?

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 10:03 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

মার্সিডিজ ছেড়ে সাইকেলে, আলো-আঁধারের নামী রেঁস্তোরাকে পাশ কাটিয়ে গলির মোড়ে টঙয়ের দোকানে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে চায়ে চুমুক দিতে ইচ্ছা করছে এক তারকা অভিনেতার।

হুটহাট করে মাথায় ভর করা ইচ্ছেগুলো ভেস্তে যায় অঙ্কুরেই। কারণ তিনি ‘তারকা’। জনসাধারণের কাছে পরম ও চরম আগ্রহের ব্যক্তি। তাকে এক ঝলক দেখার জন্য সাধারণের সেকি আকুতি!

নায়ক গলির গিজগিজে মানুষের ভিড়ে গেলেই বিদ্ধ হবেন সেলফির ক্রুশে! চা-যাত্রা সাঙ্গ করে তাকে ছুটতে হবে নির্জনে। যেখানে মানুষের ভিড়ভাট্টা নেই। ঘুরেফিরে সেই সুনসান নির্জন নামী রেঁস্তোরায় হাঁফ ছাড়তে হয় নায়ককে। অথবা ভারত, থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া।

ফিল্মের নায়ক-নায়িকাদের ঝাঁ-চকচকে জীবন দেখে বেশিরভাগ দর্শকই গুলিয়ে ফেলেন অভিনয়শিল্পীদের ব্যক্তিজীবন। ভাবেন, অভিনয়শিল্পী মানেই ধুন্ধুমার রঙিন জীবন। কিন্তু ঢাকার অনেক অভিনয়শিল্পীই রীতিমত অর্থনৈতিক সংগ্রাম করে বেঁচে আছেন, থাকেন।

এক মধ্যবিত্ত নায়িকা ভাবলেন, নিউমার্কেট থেকে সস্তায় পালোজা কিনবেন। কিন্তু যেতে পারছেন না। হাজারটা চোখ ফাঁকি দিয়ে বোরখার আড়ালে নিজেকে লুকিয়ে সাধারণের ভিড়ে নামতে হবে তাকে।  কারণ তিনি ‘নায়িকা’,  তিনি ‘তারকা’। তাকে সবাই চেনেন।

দিনে দিনে তারকারা কি অনেক ভীড়ের মাঝেও একা হয়ে উঠেন? জনপ্রিয়তা কখনও কখনও আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে উঠে?

অথবা তারা জনসাধারনের সেলুন, সবজির বাজার, মাছের বাজারের উত্তাপগুলো ছুঁতে পান? জনপ্রিয়তার স্রোতে কখনও কি জনবিচ্ছিন্নতায় ভোগেন?

প্রশ্নের মালা নিয়ে তারকা অভিনেতা ফারুকের সামনে হাজির হল গ্লিটজ। আকাশ-যাপনে ও জনবিচ্ছিন্নতায় তারকাদের মুক্তি দেখেন এ অভিনেতা।

গ্লিটজকে বলেন, “অনেক অভিনয়শিল্পী শত শত লোকের সঙ্গে বসে হাসাহাসি করে, এতে তার ইমেজ থাকে না। নিজেকে সেভ করে চলতে হয় তারকাদের। জনসাধারণের কাছে এভাবে যাওয়ার তো কোনো দরকার নেই।

অভিনয় দিয়ে শিল্পীরা জনসাধারণের কাছে যাবেন, ব্যক্তিজীবনে নয়। তারকারা আকাশে থাকবেন, সাধারণের ধরাছোঁয়ার বাইরে।”

তারকাখ্যাতির কারণে সাধারণ পরিবারে বেড়ে উঠা ফারুক দিনে দিনে জনসাধারণ থেকে নিজেকে গুটিয়ে নেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে পরপর কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘লাঠিয়াল’ মুক্তি পাওয়ার পর দর্শকমহলে পরিচিতি পান।

ফিরে গেলেন ১৯৭৫ সালে। শোনালেন নিজের তারকা হয়ে উঠার গল্প, “ছবিটা করার পর মানুষ আমাকে দেখলে চেনা শুরু করে। বলত, ‘এই যে ফারুক!’ পরে ‘সুজন সখী’ ছবিটি মুক্তির পর ঘর থেকে তো আর বের হতেই পারতাম না।”

তখন থাকতেন ইস্কাটনে, বড়বোনের বাসায়। ‘সুজন সখী’র সময়ে এক সকালে ঘুম ভেঙে আবিষ্কার করলেন, বাড়ির সামনে দেশের বিভিন্ন জেলা থেকে শত শত মেয়ে গোলাপ হাতে হাজির!

বাইরে বের হয়ে ঘটনাটা দেখার খুব আকুতি ছিল তার। কিন্তু বড়বোনের এককথা, বাইরে বের হওয়া যাবে না। দরজা বন্ধ। বোনের চোখরাঙানির তোড়ে ঘরের মধ্যেই গুটিসুটি মেরে দিন কাটত তার।

“বোন সেবার কঠোরভাবে বলে দিল, ড্রয়িংরুমের কাছেও যেতে পারবে না। আগে গাড়ি ব্যবহার করতাম না। তারপর থেকে গাড়িতে চেপে স্টুডিওতে যেতাম। আমি তো বুঝতে পারব না, কখন কে আমাকে ধরে প্রেমের প্রস্তাব দিয়ে বসে।”-যোগ করলেন ‘মিয়া ভাই’ খ্যাত এ অভিনেতা।

জনপ্রিয়তার কবলে পড়ে দিনে দিনে পাল্টে গেল ঢাকা চষে বেড়ানো দুরন্ত ফারুকের রোজকার জীবনযাত্রা। অনেকটা বাধ্য হয়ে এ পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়েও নিয়েছেন বলে জানান তিনি। দিনে দিনে আগাগোড়ায় নিজেকে গুটিয়ে নিয়েছেন জনসাধারণের কাতার থেকে।

তার ধারণা, তার সমকালীন একাধিক শিল্পী বিষয়গুলো মেইনটেইন না করার ফলে জনপ্রিয়তা হারিয়েছেন। মূল চরিত্রের বাইরে পার্শ্ব চরিত্রে অভিনয় করে ইতি টেনেছেন ক্যারিয়ারের।

তবে ফারুকের বক্তব্যের সঙ্গে তিন’শ ষাট ডিগ্রী অ্যাঙ্গেলে ভিন্নমত পোষণ করলেন আরেক তারকা অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ‘বেদের মেয়ে জোসনা’র মতো সুপারহিট চলচ্চিত্রের এ নায়ক খ্যাতির দেওয়াল ভেঙে মিশে গেছেন সাধারণের মাঝে। গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন’।

প্রায়ই প্লেসক্লাবের সামনে, ঢাকার ব্যস্ত সড়কের মোড়ে সাধারণদের মাঝে প্ল্যাকার্ড হাতে দেখা মেলে এ নায়কের।

গ্লিটজকে বলেন, “সংগঠনটি শুরুর সময় অনেকে বলেছিল, শিল্পীরা আকাশের তারা। তারা যখন মাটিতে নেমে আসে হিরো থেকে জিরো হয়ে যায়। তখন আমি বলেছিলাম, যে মানুষগুলোর জন্য আমি হিরো তাদের জন্য আমি মাটিতেই থাকতে চাই।”

তার মতে, তারকাদেরই এই ধরনের সচেতনতামূলক কাজে এগিয়ে আসা উচিত। “কারণ একজন সাধারণ মানুষের পক্ষে এই ধরনের কাজ করা যতোটা কঠিন তারকাদের পক্ষে ততটাই সহজ। তারকা বলতে শুধু ফিল্মেরই হতে হবে এমন কোনও কথা নেই। খেলোয়াড় থেকে শুরু করে অন্য অঙ্গনের তারকারাও এর সঙ্গে যুক্ত হতে পারেন।”-শেষ করলেন ইলিয়াস কাঞ্চন।