গাজী রাকায়েতের বেশ বদল
‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রে ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্র ফুটিয়ে তুলতে মুখের মানচিত্র পাল্টালেন অভিনয়শিল্পী গাজী রাকায়েত।
তিনি গ্লিটজকে জানান, নিজেকে চরিত্রের উপযোগী করে তুলতেই দাড়ি কেটে ফেলেছেন তিনি। ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন এ অভিনেতা। ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ।
সোমবার থেকে এফডিসিতে ছবিটির শুটিং শুরু হয়েছে। চলবে টানা ১০দিন।
ছবির নির্মাতা বলেন, “বাংলা সাহিত্যে শরৎচন্দ্রের অবদান কখনো মুছে যাওয়ার নয়। আমি আশা রাখি ভালো একটি ছবি দর্শকদের উপহার দিতে পারবো।”
ছবিটি প্রযোজনা করছে ইভেন্ট প্লাস ও এমআর ফিল্মস। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পপি, ফেরদৌস, তমা মির্জা, নীরবসহ আরও অনেকে।
