২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিং করতে গিয়ে আহত অক্ষয় কুমার

‘কেশরী’ চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার পাঁজরের হাড়ে চোট লেগেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2018, 06:47 PM

Updated : 08 Apr 2022, 06:15 PM

অনুরাগ সিং পরিচালিত ‘কেশরী’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অক্ষয়। ৫০বছর বয়সী এই অভিনেতাকে চিকিৎসকেরা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাতারা জেলার ওয়াই শহরে শুটিং চলছে অক্ষয় কুমারের পরবর্তী ছবি ‘কেশরী’র। বুধবার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে পাঁজরের হাড়ে চোট পান। গুরুতর আঘাত লাগার কারণে শুটিং বন্ধ করে দেন তিনি।

চিকিৎসকেরা তাকে অবিলম্বে মুম্বাই ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাকে আপাতত কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। এক্ষুনি কোনো অ্যাকশন দৃশ্যের শুটিং করা সম্ভব নয় অক্ষয়ের পক্ষে।

কিন্তু শুটিংয়ের কারণেই তিনি ওয়াই ছেড়ে যেতে চাইছেন না। ডাক্তারের পরামর্শকে আমল না দিয়ে কাজ চালিয়ে যেতে চান তিনি। মাঝপথে শুটিং বন্ধের পক্ষে নন বলিউড ‘খিলাড়ি’।

অক্ষয় বলেছেন,“আমি এই ছবিতে প্রায় দেড়মাস ধরে কাজ করছি।সবসময় মাথায় পাগড়ি পরে থাকি। ভীষণ গর্বিত আমি এই কাজের জন্য।”

শুটিংস্পটে একটি চপার এনে রাখা হয়েছে। অক্ষয়ের শারীরিক অবস্থার অবনতি হলে যাতে তাকে দ্রুত মুম্বাই আনা যায়।

১৮৯৭ সালের বৃটিশ ইন্ডিয়ান সেনার সঙ্গে শিখদের যুদ্ধকে অবলম্বন করে নির্মিত হচ্ছে ছবিটি। এই যুদ্ধ ইতিহাসে সারগারহির যুদ্ধ নামে পরিচিত। ছবিটিতে অক্ষয় হাবিলদার ঈশ্বর সিংয়ের ভূমিকায় অভিনয় করছেন। যিনি এই যুদ্ধে শিখ বাহিনীকে নেতৃত্ব দিযেছিলেন।

‘কেশরী’তে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন পরিনীতি চোপড়া। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে ছবিটি মুক্তির কথা ২০১৯-এর ২২মার্চ।