বৈশাখে এটিএন বাংলার আয়োজন
নববর্ষকে স্বাগত জানাতে এটিএন বাংলায় শনিবার দিনব্যাপী প্রচার হবে বিশেষ আয়োজন।
পহেলা বৈশাখের প্রথম প্রহরে সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে সরাসরি সম্প্রচার করা হবে ‘বর্ষবরণ ১৪২৫’ শিরোনামের অনুষ্ঠান। এ আয়োজনে সংগীত পরিবেশন করবেন ফাহিম হোসেন চৌধুরী, আবু বকর সিদ্দিকী, রফিকুল আলম, ফেরদৌস আরা ও তার দল, শফি মন্ডল, প্রিয়াংকা গোপ, অণিমা রায়, ঐশী, চিশতী বাউল, অনিমা মুক্তি গোমেজ ও সাগর বাউলসহ আরও অনেকে।
এছাড়াও থাকছে চাঁপাই গম্ভীরা দলের গম্ভীরা ও বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টসের নৃত্য পরিবেশনা। ফেরদৌস বাপ্পী ও শ্রাবণ্য তৌহিদা’র উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু ও সেলিম দৌলা খান। অনুষ্ঠানটি চলবে সকাল ১০টা পর্যন্ত। সকাল ১০টা ১৫ মিনিটে বগুড়া পৌরপার্ক থেকে সরাসরি সম্প্রচার করা হবে বগুড়া থিয়েটার আয়োজিত বৈশাখী মেলা। এ অনুষ্ঠানে থাকবে বৈশাখী গান, লোকগান, দলীয় নৃত্য, পালাগান, গীতি নাট্য, বাংলা বাদ্যযন্ত্র বাদন, লাঠি খেলাসহ নানা আয়োজন। অনুষ্ঠানটি পরিচালনা করবেন রাসেল মাহমুদ ও আব্দুস সাত্তার।
বেলা ১২টা ১০ মিনিটে প্রচার হবে নাহিদ রহমানের পরিচালনায় ছোটদের নৃত্যানুষ্ঠান ‘এলোরে বৈশাখ’। ১২টা ৪৫ মিনিটে প্রচার হবে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘বাহারী রান্না’-এর বিশেষ পর্ব। নাহিদ রহমানের পরিচালনায় গীতি নৃত্যনাট্য ‘সাম্পানওয়ালা’ প্রচার হবে দুপুর ১টা ১৫ মিনিটে। ৩টা ১০ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘তুমি আমার মনের মানুষ’। আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, উজ্জ্বল, মিশা সওদাগর প্রমুখ। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘বৈশাখের রঙ’।
রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘তোমার পাড়ায় আসবো ফিরে’। দয়াল শাহ’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। অভিনয়ে আফরান নিশো, জাকিয়া বারী মম প্রমুখ। এছাড়া রাত ১১টায় প্রচার হবে মানসুর আলম নির্ঝরের রচনা এবং মানসুর আলম নির্ঝর ও সাবিনা আনমনের পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘নীল শাড়ি’। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, শ্যামন্তী শৌমি, সুজন হাবিব, সেলিম আহমেদ, রাশেদা রাখি, রামিসা নীলা, মাসুম প্রমুখ।
