২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১ নির্মাতার চলচ্চিত্র সংকলন ‘ইতি তোমারই ঢাকা’

‘স্বল্পদৈর্ঘ্যে দীর্ঘ যাত্রা’ এমন স্লোগান নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম নির্মাণ করতে যাচ্ছে ‘ইতি তোমারই ঢাকা’ নামক একটি চলচ্চিত্র সংকলন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2018, 09:28 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

‘ইতি তোমার ঢাকা’ শিরোনামে ১১ জন তরুণ নির্মাতার ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় চ্যানেল আই ভবনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এর শুভ মহরত।

ঢাকা শহরের গল্প নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রগুলো নির্মাণ করবেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ সাওকী, তামিন নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

এ সম্পর্কে বিস্তারিত জানাতে আয়োজিত মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

বিশেষ অতিথি ছিলেন নির্মাতা ও সংগঠক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ইবনে হাসান খান, তৌকীর আহমেদ, নির্মাতা মোস্তফা সরায়ার ফারুকী, গিয়াস উদ্দিন সেলিম।

এই প্রকল্পটির ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে ছিলেন নির্মাতা আবু শাহেদ ইমন।

চলচ্চিত্রগুলি প্রসঙ্গে আবু শাহেদ ইমন বলেন, “গত চার মাস ধরে আমরা এই কাজটির জন্য ওয়ার্কশপ করেছি। নিজেদের মধ্যে স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছি, এটা নিয়ে আমাদের মধ্যে তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে। সবকিছু নিয়ে আমাদের মধ্যে একটা সামগ্রিক সমন্বয় ছিল। তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই স্বল্পদৈর্ঘ্যে স্বল্পদৈর্ঘ্যে দীর্ঘ যাত্রা প্রকল্পটি।

এটি পরবর্তীতে দেশে এবং আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে। বাংলাদেশ সহ বিশ্বের দর্শকদের জন্য এটা আমাদের জন্য চিরকুট। আমি বিশ্বাস করি, বাংলাদেশের প্রকল্পের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে থাকবে। কেননা এতগুলো তরুণ নির্মাতা একসঙ্গে আসার ঘটনা বিরল।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, “এই ছবিগুলো আন্তর্জাতিকভাবে নির্মাণ করা হচ্ছে। যা বাংলাদেশের ছবিকে দেশের বাইরে ভালো ছবি হিসেবে পরিচিত করাবে। নতুনদের দিয়ে আমাদের চলচ্চিত্রে সমৃদ্ধি আসবে এই প্রত্যাশা থাকলো।”

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “ভবিষ্যৎ তরুণদের হাতে। তারুণ্যের জয় হোক। আশা করছি সফল একটি প্রকল্প আমরা দেখতে পাবো।”

অনুষ্ঠানে নির্মাতা তৌকীর আহমেদ বলেন, “দেশ অনেক এগিয়ে গেছে। কিন্তু আমি মনে করি আমাদের একটি সাংস্কৃতিক বিপ্লব দরকার। এই দায়িত্ব নিতে হবে ফিল্ম মেকারদের। কিন্তু আমাদের ফিল্ম মেকারদের সংখ্যা কম। নতুনরা আরো বেশি ফিল্ম মেকিংয়ের আসুক।”

গিয়াস উদ্দিন সেলিম বলেন, “যে এগারজন তরুণ ছবি বানাবে তারা যেন বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের দর্শকদের কাছে ছবি উপহার দেন, তাই প্রত্যাশা করছি। আমার ধারনা তারা পারবেন।”

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “এই এগারো জন আসলে নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। আমি বিশ্বাস করি, এই তরুণরাই বাংলা সিনেমার ভাষায় আরো পরিবর্তন নিয়ে আসবে।”

অনুষ্ঠানে বলা হয়, প্রতিটি চলচ্চিত্রের দৈর্ঘ্য হবে ১০-১২ মিনিট। প্রজেক্টটির সাথে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই, চ্যানেল আই অনলাইন, হ্যাভস মিডিয়া, হ্যাভস আইপজিটিভ, রেডিও ভূমি।