২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখী গানে ফিল্মি হাবিব

পহেলা বৈশাখকে সামনে রেখে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের নতুন গান ‘ঝড়’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 08:25 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

শুধু গানেই নয় অভিনয়েও দর্শক- শ্রোতার মন হরণ করেছেন হাবিব ওয়াহিদ। প্রতিটি গানেই নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি।

পহেলা বৈশাখ উপলক্ষে তার নতুন গানটিও ইতিমধ্যে আলোচনায় এসেছে। ভিডিওটিতে কিছুটা ফিল্মি ঢঙেই হাবিব ওয়াহিদের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে হাজির হয়েছেন তার বাবা নন্দিত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।

আর গার্লফ্রেন্ডের ভূমিকায় রয়েছেন চলতি বছর প্রকাশিত হাবিবের আলোচিত গান ‘চলো না’র মডেল শার্লিনা হোসেন।

শুধু তাই নয় ভিডিওতে বাড়তি ‘ঝড়’ বইয়ে দিতে হাজির হয়েছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক অদিত রহমান এবং প্রীতম হাসান। সাথে রয়েছেন প্যার তৌফিক। মেয়েকে হাবিবের কাছ থেকে উদ্ধার করার জন্য অদিত ও তৌফিককে নিয়ে হাবিবের ওপর ঝাঁপিয়ে পড়েন ফেরদৌস ওয়াহিদ?

হাবিবকে রক্ষা করতে চায় তার সহকারী প্রীতম হাসান! কিন্ত শেষ পর্যন্ত কী ঘটে? জানতে হলে অপেক্ষা করতে হবে পহেলা বৈশাখ পর্যন্ত।

হাবিব ওয়াহিদ বলেন, “গানের সঙ্গে মিল রেখে ভিডিওতেও নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি আমি। তারই অংশ হিসেবে এবারের ভিডিওটির গল্প সাজানো হয়েছে। এই প্রথম আমার ভিডিওতে মডেল হয়েছেন আমার বাবা। তাও আবার আমার গার্লফ্রেন্ডের বাবার ভূমিকায়!

মেয়েকে রক্ষা করার জন্য আমার ওপর হামলা করেন অদিত এবং তৌফিককে নিয়ে। তাদের সঙ্গে ফাইটিংয়ের দৃশ্যটি বেশ এনজয় করেছি।”

ফেরদৌস ওয়াহিদ বলেন, “এটা অত্যন্ত ব্যাতিক্রমী একটি কাজ হয়েছে। গল্পটি পুরান ঢাকার একটি পরিবার এবং একজন প্রেমিকের! যাতে আমি হাবিবের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে খুব মজার একটা অভিজ্ঞতা হয়েছে। আশাকরি শ্রোতারাও এনজয় করবেন।”

বৈশাখে গানচিল মিউজিকের এক্সক্লুসিভ কাজ হিসেবে প্রকাশ পাবে এটি। গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।