শ্রী রেড্ডিকে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ
কাস্টিং কাউচের প্রতিবাদ করায় ভারতীয় অভিনেত্রী শ্রী রেড্ডিকে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বাড়ির মালিক। অন্যদিকে মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন এই অভিনেত্রীর সদস্যপদ বাতিল করেছে।
যৌন নিপীড়নের প্রতিবাদে সারা বিশ্ব জুড়েই প্রতিবাদ সরব চলচ্চিত্র শিল্পী থেকে শুরু করে নানান পেশাজীবী মানুষ । হলিউডের পাশাপাশি বলিউডের অভিনেত্রীরাও মুখর ।
গত শনিবার হায়দ্রাবাদের অভিজাত জুবিলি হিলস এলাকায় অবস্থিত তেলুগু ফিল্ম চেম্বার অফ কমার্সের সামনে কাস্টিং কাউচের প্রতিবাদে পোশাক খুলে রাস্তার উপর বসে পড়েন তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি।
এই প্রতিবাদের জেরে এই অভিনেত্রীকে হায়দ্রাবাদের ভাড়ার ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বাড়ির মালিক।
মুম্বাই মিরর সূত্রে জানা গেছে, হায়দ্রাবাদের হুমায়ুন নগরের যে ফ্ল্যাটে ভাড়া ছিলেন শ্রী রেড্ডি অবিলম্বে সেই ফ্ল্যাট ছেড়ে দেওয়ার নির্দেশ দিযেছেন বাড়ির মালিক।
ফেইসবুকে এ বিষয়ে শ্রী রেড্ডি লিখেছেন, “আমার বাড়ির মালিক আমাকে ডেকে ঘর ছাড়তে বলেছেন। তিনি একজন পদস্থ সরকারি কর্মচারী। সেই কারণেই তিনি আমায় বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলেছেন। কী মহান মানুষ।”
অন্যদিকে মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন এই অভিনেত্রীর সদস্যপদ বাতিল করেছে । এই সংগঠনের ৯০০জন সদস্য এভাবেই অভিনেত্রীকে ‘সামাজিক বয়কট’ করছে ।
সংগঠনটির এই সিদ্ধান্তের পাশাপাশি চলচ্চিত্র সমালোচক কাতী মাহেশ তাকে বলেছেন, “প্রতিবাদের ধরন পছন্দ না হলেও কাস্টিং কাউচের বিরুদ্ধে প্রতিবাদকে সমর্থন করি।”
কাস্টিং কাউচের প্রতিবাদ করে গোটা ভারতবর্ষ এবং ভারতের বাইরেও শোরগোল ফেলে দেন এই দক্ষিণী অভিনেত্রী।
তার অভিযোগ, দক্ষিণের স্টুডিওগুলি সব অশ্লীল কাজের ‘তীর্থস্থান’ হয়ে উঠেছে। স্টুডিওর মধ্যে তাকে নিয়ে গিয়ে জোর জবরদস্তিও করা হয়েছে।
শ্রী রেড্ডি অভিযোগ করেন, নবাগত অভিনেত্রীদের তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নানাভাবে শোষণ করা হয়। ভাল চরিত্র, খ্যাতি দেওয়ার নামে তাদের শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়। তারপরও তাদের কাজ দেওয়া হয় না।
এভাবেই দীর্ঘদিন ধরে মহিলারা তেলুগু চলচ্চিত্র জগতে হেনস্থার শিকার হচ্ছেন। এর প্রতিবাদে কেউ তো এগিয়ে আসবেন। আর ফিল্ম চেম্বার অফ কমার্সের কর্তাদের কাছে প্রতিবাদ পৌঁছে দিতেই তার এই পদক্ষেপ।
