২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখের টেলিছবিতে জোভান-শৌমি

‘নীল শাড়ি’ নামে পহেলা বৈশাখের বিশেষ একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের অভিনেতা ফারহান আহমেদ জোভান। তার সঙ্গে জুটি বেঁধেছেন উঠতি অভিনয়শিল্পী শ্যামন্তি শৌমি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 06:07 PM

Updated : 25 Jul 2022, 08:32 PM

মানসুর আলম নির্ঝরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মানসুর আলম নির্ঝর ও সাবিনা আনমন।

বাবা-মায়ের একমাত্র সন্তান তমাল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। তার বন্ধু রবিন আরেকটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। রবিন একদিন তমালকে জানায়, তার বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দরী মেয়ে ভর্তি হয়েছে।

তমাল দুষ্টুমি করে রবিনের কাছ থেকে মেয়েটির মোবাইল নাম্বারটা নিয়ে রাখে। একদিন মেয়েটাকে তমাল ফোন দেয়। কিন্তু তমালকে অপরিচিত বলে খুব একটা পাত্তা দেয় না মেয়েটা।

মেয়েটার নাম আইরিন। কিন্তু তমাল নাছোড়বান্দা। তমালের চেষ্টাতে তাদের মধ্যে ফোনে ফোনেই বন্ধুত্ব গড়ে ওঠে।

একদিন দুজনে দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু দেখা করতে গিয়ে দুজনেই আশ্চর্য হয়ে যায়। কারণ কয়েকদিন আগেই একটা শপিং মলে পাঞ্জাবি কেনা নিয়ে দুজনের মধ্যে বেশ ঝামেলা হয়েছিল। ঘটনার মোড় নেয় ভিন্নদিকে। এভাবেই এগিয়ে যায় টেলিছবিটির গল্প।

জোভান বলেন, “বৈশাখ উপলক্ষে কাজটি করেছি। গল্পটা দারুণ। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”

শনিবার রাত ১১টায় প্রচার হবে ‘নীল শাড়ি’। জোভান-শৌমি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সুজন হাবিব, সেলিম আহমেদ, রাশেদা রাখি, রামিসা নীলা, মাসুম প্রমুখ।