দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন আনুশকা
ভিন্নধারার চলচ্চিত্র প্রযোজনার জন্য এবছরের দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার এখন সুবর্ণ সময় । ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছেন আনুশকা শর্মা।
ভিন্নধারার চলচ্চিত্র প্রযোজনার জন্য এবছর তাকে এই পুরস্কার দেওয়া হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, ভিন্নধর্মী এবং পরীক্ষামূলক চলচ্চিত্র প্রযোজনা এবং সাধারণভাবে বাণিজ্যিক চলচ্চিত্রের বাইরে একেবারেই অন্যরকমের বিষয়ের সিনেমাকে বাণিজ্য সফল করে তোলার পিছনে বিশেষ ভূমিকা পালনের জন্য দাদাসাহেব ফালকে ফাউন্ডেশন তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে ।
মাত্র ২৫ বছর বয়সে ২০১৫ সালে ‘ক্লিনসেট ফিল্মস’ নামে প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করে আনুশকা ‘এন এইচ টেন’,‘ফিল্লৌরি’ এবং ‘পরী’র মতো সিনেমা উপহার দিয়েছেন ।
থ্রিলার, প্রেম এবং ভয়ের মিশ্রণে তৈরি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই প্রতিষ্ঠানের ‘পরী’ বেশ আলোচিত চলচ্চিত্র ।
সেরকম কোনো বিখ্যাত ‘স্টার’ ছাড়াই শুধুমাত্র কাহিনি, অভিনয় এবং নির্মাণগুণেই ছবিটি বলিউড চলচ্চিত্রে স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছে ।
নায়িকা-প্রধান ‘পরী’ চলচ্চিত্রটি রাশিয়াতেও মুক্তি পেয়েছিল । ছবিটি তামিল ভাষাতেও নির্মিত হচ্ছে ।
এই প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন ধারার এরকম চলচ্চিত্র প্রযোজনা ছাড়াও আনুশকা, চলচ্চিত্রে নির্দেশনা, সুর এবং সংগীতায়োজন, কারিগরি ক্ষেত্রেও একেবারে আনকোরা নতুন প্রতিভা তুলে নিয়ে এসে বলিউডে প্রতিষ্ঠা দিচ্ছেন, এরকম নানা কারণেই বলিউডে মাত্র ২৯বছর বয়সী এই অভিনেত্রী বেশ সাহসিকতার পরিচয় রেখেছেন ।
সেই সাহসেরই এবার স্বীকৃতি ঘটতে চলেছে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ সম্মানজনক এই পুরস্কারের মাধ্যমে ।
