২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্জালে মিউজিক ভিডিও আকারে নতুন তিন গান

নতুন নতুন গান আর তার মিউজিক ভিডিওতে সরব অন্তর্জাল।  অন্তর্জালে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হলো ভিন্ন ভিন্ন কণ্ঠশিল্পীর নতুন তিন গান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2018, 07:54 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

পহেলা বৈশাখকে সামনে রেখে ৫ এপ্রিল অন্তর্জালে মুক্তি পেয়েছে কন্ঠশিল্পী তানজিনা আহমেদ মিতার ‘জ্যোৎস্না রাইতে’।

জাহাঙ্গীর রানার কথায় গানটির সুর ও সংগীত করেছেন  শান।  লতা আচারিয়ার পরিচালনায় তানজিনার গানটি মিউজিক ভিডিও আকারে অন্তর্জালে প্রকাশ করেছে মিউজিক বক্স।

এতে মডেল হয়েছেন একে আজাদ এবং ইভানা।

নিজের নতুন গান প্রসঙ্গে কন্ঠশিল্পী তানজিনা আহমেদ মিতা বলেন, ‌“এখন যুগ পাল্টেছে। দর্শক গান শোনার পাশাপাশি দেখতেও চায়। সে কারণেই ভিডিওর প্রকাশ। আশা করছি শ্রোতাদের মন্দ লাগবে না।”

‘জ্যোৎস্না রাইতে’ গানটির মাধ্যমে আত্মপ্রকাশ করছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিক বক্স।

পহেলা বৈশাখকে কেন্দ্র করে বেশ কিছু গান নিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছে তারা।

 

৬ এপ্রিল অন্তর্জালে প্রকাশিত হলো সংগীত শিল্পী নীলাঞ্জনা ভৌমিক রায় এর দ্বিতীয় একক ‘ভালোবাসি বড় বেশি’।

আমি যদি দূরে যাই আগুনে পুড়ে যাই তোমার মন খারাপ হবে কি- এমন কথায় গানটি লিখেছেন সজীব শাহরিয়ার এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন অংকুর মাহমুদ ।

ভিকি জাহেদের নির্মাণে গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন এ সময়ের জনপ্রিয় জুটি এ কে আজাদ এবং নাদিয়া নদী।

গানটি প্রসঙ্গে শিল্পী নীলাঞ্জনা বলেন, “গেল বছরের মাঝামাঝি সময়ে আমার প্রথম গান- ‘তুমি আকাশকে বলে দাও’ প্রকাশ পাওয়ার পর গান প্রিয় শ্রোতাদের অনেক সাড়া পেয়েছি।

তাই আমার দ্বিতীয় গান ‘ভালোবাসি বড় বেশি’ নিয়ে হাজির হলাম।

আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি খুব ভাল কিছু উপহার দেয়ার। আশা করছি সবার ভাল লাগবে।”

 

তুমি যখন হাত বাড়াও মেঘের দিকে/ একা যখন মন বাড়াও আকাশ ফিকে/ আমি বলি আছি আমি তোমার পথ ধারে/ একবুক বৃষ্টি নিয়ে মেঘ হাতে ধরে...। এমন রোমান্টিক কথার রেশ ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে চিত্রায়িত হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা মিলেছে কণ্ঠশিল্পী লিমন ও মডেল এসকে তৃষ্ণা জুটির রোমান্টিক রসায়ন।

একইদিন অন্তর্জালে প্রকাশিত হয়েছে লিমন চৌধুরীর ‘তুমি যখন হাত বাড়াও’ শিরোনামের রোমান্টিক ঘরাণার একটি গান।

টিএম সাব্বিরের কথায় বনি আহমেদের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন লিমন চৌধুরী।

গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন শিল্পী নিজেই।

লিমন চৌধুরী বলেন, “আমি বরাবরই চেষ্টা করি কথা-সুর-কণ্ঠ মিলিয়ে গান করার। তাই আমার গানের সংখ্যাও বেশ কম। প্রায় দুই বছর পর আমার নতুন গান-ভিডিও প্রকাশ হলো।

আমি কৃতজ্ঞতা জানাই সংশ্লিষ্ট সবাইকে। আশা করছি এবারের গানটিও সবার ভালো লাগবে।”