নাগরিক সাংবাদিকদের চোখে বাংলা চলচ্চিত্র
অন্য সব দর্শকের মতো সিনেমা হলে গেলেও চলচ্চিত্রের মান ও নির্মাণশৈলী ভাবিত করে তাদের; সিনেমা হলগুলোর পরিবেশ যেন আরো সুবিন্যস্ত ও সুন্দর হয় সেই আকাঙ্ক্ষা তাদের মনে। কেবল ভাবনাতেই সেগুলো সীমাবদ্ধ রাখেন না তারা ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাতায় তা তুলে ধরার মাধ্যমে পরিণত হন নাগরিক সাংবাদিকে।
শুক্রবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে মিলিত হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের ওই রকম কয়েকজন নাগরিক সাংবাদিক। আলোচনায় যোগ দিয়ে বাংলা চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত তুলে আনার পাশাপাশি এর উন্নয়নে নানা পরামর্শ দিয়েছেন তারা।
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্ষিক ব্লগ সংকলন ‘নগর নাব্য’র উপর ভিত্তি করে ছিল ওই আলোচনা। এই বছর নগর নাব্য সংকলনের প্রতিপাদ্যও ‘চলচ্চিত্র চালচিত্র’।
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পরিচালক আইরিন সুলতানার সঞ্চালনায় পাঁচজন নাগরিক সাংবাদিক ওই আলোচনায় অংশ নেন।
“আমরা হলের পরিবেশ ভাল হওয়ার দাবি কেন করছি? এমনিতেই মালিকরা হল বন্ধ করে দিচ্ছে। তার ব্যবসা হচ্ছে না। তো আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা না দেখে শুধু পরিবেশ খারাপ বলে অজুহাত দিলে চলবে না। সিনেমার মানও দেখতে হবে।”
আলোচনায় প্রশ্ন ওঠে- সিনেমার গল্প বা নির্মাণ নিম্নমানের কারণে দর্শক হলমুখী হচ্ছে না, নাকি সিনেমা হলের পরিবেশই নেই আদতে?
নাগরিক সাংবাদিক কাজী রাশেদ বলেন, “চলচ্চিত্রের প্রধান দর্শকই হলেন মধ্যবিত্তরা। কিন্তু এখন মানের অভাবে সিনেমা মধ্যবিত্তকে আকৃষ্ট করতে পারছে না। মধ্যবিত্তরা আগে দলবেঁধে, পারিবারিকভাবে কিংবা আত্মীয়-স্বজন নিয়ে সিনেমা দেখতে গেলেও এখন সেই আকর্ষণ নাই। সিনেমার মানহীনতা হলে টানতে না পারার বড় কারণ।”
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে ‘মেধাবী মানুষ’ নেই বলেই গল্প বা কাহিনী ভালো হলেও অনেক সময় সিনেমা নির্মাণ মানসম্মত হচ্ছে না বলে মন্তব্য করেন এই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক।
প্রচারণার অভাবও বাংলা চলচ্চিত্র পিছিয়ে থাকার অন্যতম বড় কারণ হিসাবে উঠে আসে আলোচনায়। সেক্ষেত্রে বক্স অফিস সক্রিয় করা এবং অন্য দেশের আদলে প্রচারে নতুনত্ব নিয়ে আসার পরামর্শ দেন নাগরিক সাংবাদিকরা।
দেশের চলচ্চিত্রের গ্রহণযোগ্যতা কমে যাওয়ার পেছনে ‘নিম্নমানের প্রযুক্তি’র ব্যবহারকে দায়ী করে কাজী রাশেদ বলেন, শিকারি সিনেমা ভারতের দক্ষিণী সিনেমার নকল হলেও জনপ্রিয়তা পেয়েছে কারিগরি ও শাকিব খানকে ভিন্ন রূপে উপস্থাপনের কারণে।
“আমাদের দেশে সিনেমা নির্মাণে চিত্রগ্রহণ, কালার, ডাবিং, এডিটিং কোনটিই মানসম্মত নয়। নিম্নমানের প্রযুক্তি ব্যবহারে চলচ্চিত্র নির্মাণ করা হয়। আর এ কারণেই দেখা যায়, একটি নামী-দামী সিনেমা শুধুমাত্র ‘ডাবিং’ এর কারণে গ্রহণযোগ্যতা হারায়। চলচ্চিত্রের কারিগরি দিকের দুর্বলতার কারণেই হল থেকে বের হয়ে দর্শক সমালোচনা শুরু করেন।”
চলচ্চিত্র সমালোচকরা এবং গণমাধ্যম দেশীয় চলচ্চিত্রকে এগিয়ে দিতে পারে মন্তব্য করে তিনি বলেন, “ভারতের বলিউড হাঙ্গামা সাইটে তারান আদার্শের চলচ্চিত্র সমালোচনা নিয়ে গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করে থাকে। এই রকম সমালোচনা সিনেমামুখী করে দর্শককে।
“আমাদের দেশের গণমাধ্যমগুলো গতানুগতিক ধারায় চলচ্চিত্রের সংবাদগুলো প্রকাশ করে। চলচ্চিত্রের ভেতর থেকে তথ্য বা সংবাদ তুলে আনা, চলচ্চিত্র শিল্পের বিকাশের চিন্তা থেকে কোন তথ্য তুলে আনা হয় না।”
চলচ্চিত্রের প্রচারে ভিন্নতা আনার পরামর্শ দিয়ে নাগরিক সাংবাদিক গালিব মেহেদী খান বলেন, “আমাদের দেশে সিনেমা নিয়ে মার্কেটিং একদমই হয় না। অন্যান্য দেশে সাইনিংয়ের পর থেকে প্রচারণা শুরু হয়ে যায়। সেই সিনেমাটিকে প্রমোট করার জন্য চলচ্চিত্রটি গান, নায়ক-নায়িকার বিভিন্ন বিষয় তুলে ধরে দর্শকদের মনে সেই সিনেমা সম্পর্কে কৌতুহল তৈরি করে।”
পরিবেশ নষ্ট হওয়ায় সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সিনেমা হলগুলোর দুরবস্থার কথা তুলে ধরেন নাগরিক সাংবাদিক রিতা আহমেদ।
“পরিবেশের অভাবে মানুষ সিনেমা হলমুখী হচ্ছে না। আগে আমরা মায়েদের সঙ্গে, খালাদের সঙ্গে সিনেমা হলে যেতে পারলেও এখন সেই সুযোগ সেই। দর্শকের অভাবে সিনেমা হলগুলো বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে মালিকরা।”
ছয় উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁওয়ে আগে ১০টি সিনেমা হল থাকলেও এখন মাত্র দু’টি কোনো মতে টিকে আছে বলে জানান রিতা।
কলকাতার টালিউডের সঙ্গে যৌথ প্রয়োজনায় সিনেমা করা নিয়ে বিতর্ক রয়েছে বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি ও দর্শকদের মধ্যে।
নাগরিক সাংবাদিকদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে, দেশীয় সিনেমার উন্নতির স্বার্থে আপাতত যৌথ প্রযোজনা চালু রাখার পক্ষেই মত দেন তাদের পাঁচ ব্লগার।
