২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ার চোখে ‘বিউটি সার্কাস’-এর ঘোর

মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় সরকারি অনুদানের সদ্য শুটিং সমাপ্ত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ নিয়ে উচ্ছ্বসিত জয়া আহসান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2018, 08:13 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

কলকাতায় নতুন দুই চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবু, দেশে সদ্য সমাপ্ত তার নতুন ছবি ‘বিউটি সার্কাস’-এর চরিত্রের ঘোর থেকে বের হতে পারেননি এ অভিনেত্রী।

চলচ্চিত্রটিতে সার্কাস কন্যারূপে নিজেকে ঢেলে সাজিয়েছেন তিনি। স্টানম্যান ছাড়াই হেঁটেছেন সার্কাসের দড়িতে। দিয়েছেন বিপদজনক শট। নির্মাতা মাহমুদ দিদারও জয়ার প্রশংসায় পঞ্চমুখ।

“চরিত্রের জন্য এমন করে নিজেকে উজাড় করে দেওয়া কেবল জয়ার পক্ষেই সম্ভব”-শুটিং শেষে গ্লিটজকে বলছিলেন নির্মাতা।

এদিকে, সদ্য শুটিং সমাপ্ত চলচ্চিত্রটিতে নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন জয়া। নিজের ফেইসবুক পেইজে জয়া লিখেছেন, “আমি বলবো এই কাজটি আমার অভিনয় জীবনের খুব রোমাঞ্চকর কাজের একটি।”

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় চলচ্চিত্রটির শুটিং। নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে জয়া সেজেছেন সার্কাসকন্যা বিউটি। সম্প্রতি শেষ হয়েছে চলচ্চিত্রটির শুটিং।

নির্মাতা জানালেন, সম্পাদনার টেবিলে এখন চলচ্চিত্রটি। নতুন কিছু দৃশ্য সংযোজনের প্রয়োজনে আরও চার পাঁচদিনের শুটিং সেরে চলতি বছরই বড়পর্দায় আসতে পারে চলচ্চিত্রটি।

চলচ্চিত্রে জয়ার বিপরীতে দেখা যাবে, তৌকির আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস ও এবিএম সুমনকে।

নিজের চরিত্রটি নিয়ে উচ্ছ্বসিত জয়া আরও লেখেন, “অভিনয়শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায় যেখানে আপনি আগে কোনোদিন যাননি আবার এমন কিছু চরিত্র প্রদর্শন করার সুযোগ করে দেয় যার অভিজ্ঞতাটাও একেবারে নতুন।

এবার এমনি একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করার সুযোগ এসেছিল সার্কাস- প্রদর্শনকারী সেজে তাও আবার এক জম্পেশ সার্কাসের স্টেজে! সার্কাস এর এই পুরো অভিজ্ঞতাটাই আমার জন্য সম্পূর্ণ নতুন ছিল, সামনে থেকে কখনো দেখার সুযোগ হয়নি বলে।”

বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’ ও শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত ‘কণ্ঠ’ চলচ্চিত্রের কাজে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এ নায়িকা।

চলতি বছরই মুক্তি পেতে যাচ্ছে জয়া প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘দেবী’। হুমায়ূন আহমেদের গল্পে অনম বিশ্বাসের পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জয়া নিজেই।