অন্তর্জালে জয়ের কথা ও সুরে নচিকেতার ‘শেষ সময়’
নচিকেতাকে নিয়ে গান বেঁধেছেন জয় শাহরিয়ার। সে গান প্রকাশিত হলো অন্তর্জালে। জয় শাহরিয়ার জানালেন নচিকেতার সঙ্গে গান করার অভিজ্ঞতা।
“নচিকেতাকে নিয়ে এটা আমার দ্বিতীয় গান। প্রথমবার যখন নচিকেতার জন্য গানটি নিয়ে যাই, তিনি স্টুডিওতে আসার আগেই বলেছিলেন গান পছন্দ হলে গাইবো, নইলে না। গান তার পছন্দ হয়েছিল। তারই ধারাবাহিকতায় নতুন গানটির জন্ম হলো।”-বললেন জয় শাহরিয়ার।
গত নভেম্বরে কলকাতার পার্ক স্ট্রিটের মিউজিক রুম স্টুডিওতে জয়ের কথা ও সুরে ‘শেষ সময়’ শিরোনামের নতুন গানে কণ্ঠ দিয়েছেন নচিকেতা চক্রবর্তী।
জয়ের গানে মুগ্ধ নচিকেতা বলছেন, “নতুন যারা কাজ করছে দুই বাংলায় তাদের মধ্যে জয়ের কাজ আমার বেশ ভালো লেগেছে । ও একজন কবি। লিরিকে কাব্য না থাকলে সেটা আমার পছন্দ না। জয়ের গানে কাব্য আছে।”
‘ভেবে দেখেছো কি, যদি হঠাৎ কোনও রাস্তায় নিজের সাথেই দেখা হয়ে যায়/ উত্তর দেবে কি, যে প্রশ্নগুলো মনের ভেতর প্রতিদিন ঘুরপাক খায়/ ভেবে দেখেছো কি, না না না এ আমার চিরচেনা শহর সে তো নয়/ এ আমার ভালোবাসার পৃথিবী তো নয়/ নিজের কাছে ফিরে যাওয়ার নিজেকে খুঁজে পাওয়ার, এটাই হয়তো সে সময়।’-এমন কথার গানটি মুক্তি পেয়েছে অ্যামোজ রেকর্ডস-এর ইউটিউব চ্যানেলে।
জয় বললেন, “নচিকেতা, অঞ্জন দত্ত, সুমন এনাদের গান শুনেই বড় হয়েছি। তাদের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ উৎসাহের ব্যাপার। গানটি শ্রোতাদের ভালো লাগলেই সার্থক হবে এ প্রচেষ্টা।”
চলতি বছর পহেলা বৈশাখে জয় শাহরিয়ারের কথা ও সুরে নচিকেতার প্রথম গান ‘হয়তো আবার’ শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়।
