২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফ-আঁখি’র ‘টিপ টিপ বৃষ্টি’

দ্বৈত গান নিয়ে আসছেন দেশের জনপ্রিয় দুই শিল্পী আসিফ আকবর ও আঁখি আলমগীর।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 05:35 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

তরুন মুন্সী কথা সুর ও সংগীতায়োজনে দ্বৈত গানে কণ্ঠ দিলেন আসিফ আকবর ও আঁখি আলমগীর। রোমান্টিক গানটির ভিডিওতে তারা একসঙ্গে মডেলও হয়েছেন। সম্প্রতি গানটি রেকর্ডিংয়ের পাশপাশি এর মিউজিক ভিডিও নির্মাণও সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করেছেন ভাস্কর জনি। আসছে ২ এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি।

গানটি নিয়ে উচ্ছসিত আসিফ বললেন, “আঁখির সঙ্গে এর আগেও বহু গানে কণ্ঠ দিয়েছি। এবারও দিলাম। আমাদের গাওয়া প্রায় সবগুলো গানই শ্রোতারা গ্রহণ করেছেন। এ গানটির কথাগুলো চমৎকার। সুরেও দারুণ ভেরিয়েশন রয়েছে। সব মিলিয়ে গানটি দারুণ হয়েছে। ভিডিওতে ভক্তরা আমাকে আর আঁখিকে দেখতে পাবে। আশা করি, আমাদের ভক্ত ও শ্রোতাদের কাছে গানটি উপভোগ্য হবে।”

আঁখি আলমগীর বলেন, “আসিফ ভাইয়ের সঙ্গে গান গাওয়া মানেই দারুণ কিছু। তার গায়কীতে আলাদা একটা ব্যাপার রয়েছে। সম্প্রতি যে গানটিতে কণ্ঠ দিলাম এটিও তার ব্যতিক্রম নয়। গানটি গাওয়ার সময়ই মনে হয়েছে ভালো কিছু হবে। শ্রোতাদের জন্য আরও একটি ভালো গান প্রকাশ হতে যাচ্ছে। এখন কিছু বলব না। গানটি প্রকাশ হওয়ার পর শ্রোতারাই গানটির বিচার করবে।”

‘টিপ টিপ বুষ্টি’ গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবেও।