‘স্বপ্নজাল’ মুক্তি পাচ্ছে ৬ এপ্রিল
৬ এপ্রিল ঢাকাসহ সারাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের চলচ্চিত্র ‘স্বপ্নজাল’।
বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ছবির পরিচালক গিয়াসউদ্দিন সেলিম বলেন, “সিনেমাটি দুটি প্রাণের বাঁধন হারা এক প্রেমের গল্প। ডাকাতি, সংঘাত, গুম আর কূটকৌশলের আবর্তে পড়ে দুজন বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু দুজনের মিলনের আকুল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই প্রেমের গল্পে।
আশা করি, ‘মনপুরা’র মতো ‘স্বপ্নজাল’ও দর্শকের ভাল লাগবে।”
ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস ও নিবেদক হিসেবে থাকছে বেকারি পণ্যের ব্র্যান্ড অলটাইম।
অল টাইমের হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম বলেন, “মনপুরা’ ছবির মতো ‘স্বপ্নজাল’ও সব শ্রেণির মানুষের কাছে জনপ্রিয়তা পাবে বলে আশা করছি। আমাদের ব্র্যান্ড অল টাইম এরই মধ্যে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এই চলচ্চিত্রটির সাথে সাথে অলটাইমও সবার হৃদয়ে পৌঁছে যাক সে লক্ষ্যে আমরা এর সাথে সম্পৃক্ত হয়েছি।”
চলচ্চিত্রের আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র অভিনেত্রী ফারহানা মিঠু বলেন, “দর্শকদের ছবিটি দেখে মনে হবে যেন এটি একটি পাড়ার ঘটনা, এ যেন আমাদের বড় চেনা-জানা ও কাছের গল্প, মনে হতে পারে বেশ খানিকটা সময় বুঝি পিছনে চলে এলাম, নস্টালজিয়া সৃষ্টি হবে।”
“ ‘স্বপ্নজাল’ আমার জন্য কোনো চলচ্চিত্র নয়, একটি অনুভূতির নাম। আশা রাখি, শুধু আমার কাছে নয় দর্শকের কাছেও এটি একটি অনুভূতি হয়ে থাকবে” বলছিলেন ‘স্বপ্নজাল’ -এর মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখা নবাগত অভিনেতা ইয়াশ রোহান।
‘স্বপ্নজাল’ ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন গিয়াসউদ্দিন সেলিম নিজেই।
এই সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইরেশ জাকের, মিশা সওদাগর, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনুসহ অনেকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) আতাউর রহমান ও প্রাণ-আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার (মিডিয়া) সুজন মাহমুদসহ ছবিটির কলাকুশলীরা।
