মিনারের গানের মডেল মম
সংগীত শিল্পী মিনার রহমানের ‘বাড়াবাড়ি’ শিরোনামে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী জাকিয়া বারী মম।
এতে মম-এর সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার রাজদীপ গুপ্ত। এটিই মিনারের সঙ্গে মম-এর প্রথম কাজ। রোববার গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
গানটি প্রসঙ্গে মম বলেন, “এই গান ও ভিডিওর গল্পটি আমার খুব মনে ধরেছে। তাই কাজটি করেছি। শুটিংয়ের অভিজ্ঞতাও দুর্দান্ত। কাজটি সবাই গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস।”
মিনার বলেন, “আমার অনেক প্রিয় একটি গান ‘বাড়াবাড়ি’। মম খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। শ্রোতারা নতুন কিছু পেতে যাচ্ছেন।”
ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা তানিম রহমান অংশু। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনায় মিনার নিজেই। সংগীতায়োজনে সাজিদ সরকার।
