‘আজ রাজনীতিতে সংস্কৃতি নেই, সংস্কৃতিতে নেই রাজনীতি’
বাংলাদেশে এখন রাজনীতি ও সংস্কৃতি উভয় অঙ্গনে আদর্শহীনতা চলছে বলে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীর।
দেশের অন্যতম পুরনো সাংস্কৃতিক সংগঠন উদীচীর এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “ঊনসত্তরের যেই অগ্নিগর্ভ থেকে উদীচী শিল্পীগোষ্ঠীর উন্মেষ, সেই সময় আমরা অতিক্রম করে এসেছি। আজ রাজনীতিতে সংস্কৃতি নেই, সংস্কৃতিতে রাজনীতি নেই।”
বুধবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, তাতে বিশেষ অতিথি ছিলেন ফকির আলমগীর।
তিনি বলেন, “যখন কর্পোরেট পুঁজি আমাদের সংগীতের মর্যাদাকে শুষে নিচ্ছে, দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলেছে, তখন এই ধরনের গণসংগীত উৎসবের আয়োজন আমাদের দিশা খুঁজে দেয়।”
গণসঙ্গীতের কিংবদন্তি পুরুষ হেমাঙ্গ বিশ্বাসের অমর সৃষ্টি 'শঙ্খচিল' গানের নৃত্যরূপ দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচীর সাবেক সভাপতি কামাল লোহানী।
তিনি বলেন, “শিল্প, সংস্কৃতি, সংগ্রাম, আমাদের যুদ্ধ অবিরাম। জীবন শুরু করেছিলাম যেই গণসংগীত দিয়ে সেই গণসংগীত আজ আর শুনতে পাই না।”
এসময় তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন চলাকালীন কুষ্টিয়ার মোহিনী মিলে কাজ করা এক শ্রমিকের ব্রিটিশবিরোধী একটি গণসংগীত গেয়ে শোনান।
ভাষা আন্দোলনের অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটির ইতিহাস তুলে ধরে সংস্কৃতি ও রাজনীতির যূথবদ্ধতার কথা বলেন কামাল লোহানী।
এবারের গণসংগীত উৎসবে আমন্ত্রিত অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের শিল্পী বিমল দে। তিনি বলেন, “আমরা পশ্চিম বাংলায় দেখেছি গণসংগীত গাওয়ার মতো তেমন একটা পরিবেশ নেই, অথচ আপনাদের এখানে কী সুন্দর আয়োজন! আপনাদের এই আয়োজনে আসতে পেরে আমি আসলেই ধন্য।”
শহীদ মিনারে অনুষ্ঠানের আগে সকাল ১০টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জেলা পর্যায় থেকে উঠে আসা গণসঙ্গীত শিল্পীদের নিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
