২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ কোন নিলয়?

মিউজিক ভিডিওতে ব্যতিক্রমী চরিত্রে হাজির হচ্ছেন নিলয়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 06:12 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

পাগল বেশে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন নিলয়। যার সাথেই দেখা হচ্ছে তাকে ধরেই জিজ্ঞাসা করছেন কিছু একটা।

এমনই রহস্যময় চরিত্রে তিনি হাজির হয়েছেন কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন ও মৌমিতা নদীর নতুন গানে।

তিনি ছাড়াও ভিডিওতে আরও দেখা যাবে চলচ্চিত্র অভিনেতা সিরাজ হায়দার এবং ছোটপর্দার অভিনেতা কাজী উজ্জ্বলকে।

ওমর ফারুকের কথায় নতুন দ্বৈত গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা এবং ভিডিওর গল্প লিখেছেন ইলিয়াস হোসাইন নিজেই।

টানা ৩ দিন শুটিং হয়েছে উত্তরা ও ঢাকার অদূরে ৩০০ ফিটের মনোরম লোকেশনে।

গানটি প্রসঙ্গে ইলিয়াস হোসাইন বলেন, “অসম্ভব সুন্দর একটি গান। এর ভিডিও পরিকল্পনাও বেশ আলাদা। মডেল হিসেবে পেয়েছি নিলয়ের মতো জনপ্রিয় মুখকে। তাকে নিয়ে এটাই আমার প্রথম কাজ।

সব মিলিয়ে আমার র্দশক-শ্রোতাদের জন্য নতুন চমক হিসেবে কাজটি করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস গান এবং ভিডিওটি শ্রোতা-দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।”

নিলয় বলেন, “মিউজিক ভিডিওর গল্পটি যখন ইলিয়সের মুখে শুনি, এক কথায় ভালো লেগে যায়। ভিডিওতে আমাকে সম্পূর্ণ নতুন গেটআপে দেখা যাবে। এরকম গেটআপে দর্শক আমাকে এর আগে দেখেনি।

গানটিও খুব সুন্দর। এই মিউজিক ভিডিওটি করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে পুরো শুটিং ইউনিটকেই। আশা করছি গান ও ভিডিওটি সবার ভালো লাগবে।”

আগামী ২৯ মার্চ অন্তর্জালে উন্মোচিত হবে ‘হয়নি বলা’ গানটির ভিডিও।

এটি প্রকাশ করছে ধ্রুব মিউজক স্টেশন (ডিএমএস)। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।