২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাঁবো ও জীবনানন্দের কবিতা থেকে চলচ্চিত্র ‘বক’

জ্যাঁ আর্তু র‌্যাঁবো ও জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে মাসুদ পথিক নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন চলচ্চিত্র ‘বক’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 08:42 PM

Updated : 08 Apr 2022, 06:07 PM

কবিতা ও চিত্রকর্ম থেকেই চলচ্চিত্রের রসদ খুঁজে নিচ্ছেন নির্মাতা মাসুদ পথিক। নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নিজের প্রথম চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’-এ জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সম্প্রতি নির্মাণ শেষ করেছেন শিল্পী শাহাবুদ্দিনের চিত্রকর্ম ও কবি কামাল চৌধুরীর কবিতা অবলম্বনে ‘মায়া’ চলচ্চিত্রের শুটিং। চলচ্চিত্রটি এখন সম্পাদনার টেবিলে। এরই মধ্যে নতুন চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছেন মাসুদ পথিক।

জীবনানন্দ দাশের ‘সেই’ ও র‌্যাঁবোর ‘রক্ত ও মাংশ’ কবিতা অবলম্বনে ‘বক’ নামের চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে আগামী ২৮ এপ্রিল।

চলচ্চিত্রটিতে অভিনয় করবেন আসলাম শিহির, জুয়েল জুহুর, প্রাণ রায়, প্রিয়ন্তী ও উষশী চক্রবর্তী, রুদ্র হক, অসীম সাহা, আসলাম সানী।

এ চলচ্চিত্রের মধ্য দিয়ে এই প্রথম বাংলাদেশের চলচ্চিত্রে নাম লেখাতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী উষশী চক্রবর্তী। ইতিমধ্যেই তার সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

৮০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটির চিত্রায়ন হবে নরসিংদীর রায়পুরা অঞ্চলে। টানা শুটিংয়ে চলচ্চিত্রটির চিত্রায়ন সম্পন্ন করতে চান তিনি।

চলচ্চিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, “এটা পোস্ট কলোনীয়াল একটা গল্প। আমাদের অন্তর্গত রক্তের ভিতরে শোষন এবং শোষিতের যে বঞ্চনা, শিকার এবং শিকারী, যাজক এবং যজমানের অন্তর্গত পীড়ার উপর অবলম্বন করে প্রাচ্যের দর্শন ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে চলচ্চিত্রটির মাধ্যমে।

আমাদের আত্মপীড়ন, আমাদের আত্মঘাতী মনোভাব, প্রকৃতির ভেতরও একে অপরকে খেয়ে ফেলার যে মনোবৃত্তি সে বিষয়গুলো নিয়ে চলচ্চিত্র নির্মাণে র‌্যাঁবো ও জীবনানন্দের কবিতা থেকে অনুপ্রাণিত হয়েছি।”

নির্মাতা মাসুদ পথিক সম্প্রতি নির্মাণ শেষ করেছেন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘মায়া’। চলচ্চিত্রটি চলতি বছরই মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।