স্বাধীনতা দিবস উপলক্ষে গান-নাটক ও চলচ্চিত্র
স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ কিছু গান-নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে।
পঁচিশে মার্চের কাল রাত নিয়ে গাইলেন ফিডব্যাক ব্যান্ডের ভোকাল লুমিন। ‘পঁচিশে মার্চ’ শিরোনামে গানটি লিখেছেন দেওয়ান লালন আহমেদ, সুর করেছেন সাজেদ ফাতেমী। সংগীতায়োজন করেছেন জে আর সুমন।
গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির ভিডিও নির্মাণ করেছেন তানভির আহমেদ।
সম্প্রতি বীরাঙ্গনা টেপরি বর্মনকে নিয়ে গান লিখেছিলেন পুলিশ কর্মকর্তা দেওয়ান লালন। এবার তিনি লিখলেন ১৯৭১ সালের সেই বিভীষিকাময় পঁচিশে মার্চ নিয়ে।
গানটি প্রসঙ্গে তিনি বলেন, “মুক্তিযোদ্ধার সন্তান আমি। নিজেও মুক্তিযুদ্ধ ধারণ করি। সেই চেতনা থেকেই এ ধরনের গান লেখা। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।”
এ প্রসঙ্গে লুমিন বলেন, “লালন আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু। পুলিশে কর্মরত থাকলেও থিয়েটার করা, বই লেখা, গান লেখা তাঁর দীর্ঘদিনের সাংস্কৃতিকচর্চা। তাছাড়া এটি একটি দেশের গান। গানের কথাগুলো হৃদয়স্পর্শী।”
ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও কন্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, “মুক্তিযুদ্ধের সূচনালগ্নে, ১৯৭১ সালের ‘পঁচিশে মার্চ’ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামের এক বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সামরিক বাহিনী যে গণহত্যার সূচনা করেছিল, পরবর্তী নয় মাস ধরে তা অব্যাহত ছিল বাংলাদেশের বিভিন্ন এলাকায়। সেই ‘পঁচিশে মার্চ’ নিয়ে গান।
‘মুজিব মানেই স্বাধীনতা’ শিরোনামে স্বাধীনতা দিবসের গান গাইলেন শফিক তুহিন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটি সুরও করেছেন তিনি। এর কথা লিখেছেন আবু সায়েম চৌধুরী। সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই গানটির ভিডিও তৈরি হয়েছে মোশন ভিউ-এর ব্যানারে, যা ২৪ মার্চ রাতে মুক্তি পেয়েছে শফিক তুহিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে শফিক তুহিন বলেন, “অনেক দিনের ইচ্ছে ছিল বঙ্গবন্ধুকে নিয়ে গান করার। গানটি শুনলে আশা করি সবার ভালো লাগবে।”
স্বাধীনতা দিবসের অ্যালবাম ‘আমার প্রিয় বাংলাদেশ’
স্বাধীনতা দিবসে আসছে দেশের গানের অডিও অ্যালবাম ‘আমার প্রিয় বাংলাদেশ’। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে।
অ্যালবামের সবকটি গানের কথা লিখেছেন গীতিকবি নাজমা রহমান ঝর্ণা। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অমিত কর। ৫টি গানে কণ্ঠ দিয়েছেন খ্যাতিমান কণ্ঠশিল্পী সুবীর নন্দী, রুমানা ইসলাম, কোনাল, স্বরলিপি ও পুলক।
গানগুলো সিডি আকারে বাজারজাতের পাশাপাশি স্বপ্নসিঁড়ির ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে।
চম্পার কণ্ঠে দুই গান
স্বাধীনতা দিবস উপলক্ষে দুটি দেশাত্মবোধক গান নিয়ে আসছেন চম্পা বণিক। এর মধ্যে একটি হচ্ছে মুনশী ওয়াদুদের কথায় এবং শেখ সাদী খানের সুর সঙ্গীতে ‘আমায় বাংলার গল্প বলো মা’।
অন্যটি নূরুল ইসলাম মানিকের কথায় এবং বিশ্বজিৎ সরকারের সঙ্গীতায়োজনে ‘আহা কী সুন্দর ছবির মতো এই দেশ’।
তৌকীর আহমেদের নাটক ‘সাহস’
‘সাহস’ নামে স্বাধীনতা দিবসের একটি নাটকে অভিনয় করলেন অভিনয়শিল্পী তৌকীর আহমেদ। ফেদারম্যান মিডিয়া প্রযোজিত ও ওয়াহিদ পলাশের পরিচালনায় এ নাটকের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গুঞ্জন রহমান।
রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা বরজাহানের মুখে শোনা সত্য ঘটনা অবলম্বনে রচিত ও নির্মিত হয়েছে নাটকটি।
নাটকের গল্পে দেখা যাবে, ১৯৭১ সালে জাহিদ (তৌকীর আহমেদ) যুদ্ধে যেতে পারেননি। তিনি তখন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র। তার সহপাঠীদের অনেকেই সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে চলে যায় যুদ্ধের ট্রেনিং নিতে।
জাহিদ রাজশাহীতেই থেকে যায়। ঘটনাক্রমে একদিন জাহিদকে জীপে তুলে নেয় পাকিস্তানী আর্মিরা। আর্মিরা জানায়, তাদের বাহিনীর যে ডাক্তার ছিলেন, তিনি ফিরে গেছেন, রিপ্লেসমেন্ট এখনও এসে পৌঁছায়নি। আপাতকালীন জাহিদকে তাই পালন করতে হবে আহতদের চিকিৎসার দায়িত্ব।
এক অতলস্পর্শী সাহসের বর্ম যেন চেপে বসে জাহিদের বুকে। সে নিচু গলায়, অথচ দৃঢ় ও স্পষ্ট স্বরে পাক বাহিনীর অফিসারের (শাহাদাৎ হোসেন) এ প্রস্তাবে জবাব দেয়, ‘না’।
এরপর জাহিদের উপর শুরু হয় নির্যাতন। শেষ পর্যন্ত পাক মিলিটারির বুলেটের আঘাতে শহীদ হন রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্নির ছাত্র জাহিদ।
নাটকটিতে তৌকীর আহমেদ, নরেশ ভূঁইয়া, শাহাদাৎ হোসেন ছাড়াও অভিনয় করেছেন শশাঙ্ক সাহা, চারু সাইফুল, গুঞ্জন রহমানসহ আরও অনেকে।
মহান স্বাধীনতা দিবসে বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙায় রাত ৯ টায় প্রচার হবে নাটকটি।
স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আজ পূরবীর দিন’। মাসুম রেজার রচনায় মাহমুদ দিদারের পরিচালনায় নির্মিত হয়েছে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘আজ পূরবীর দিন’। নাটকটিতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ।
নাটকটি প্রসঙ্গে নাট্যকার মাসুম রেজা গ্লিটজকে বলেন, “এটি একজন বীরাঙ্গনার গল্প। রাষ্ট্র স্বীকৃতি দিলেও সমাজ যাকে ক্রমেই দূরে ঠেলেছে।”
মাহমুদ দিদার বলেন, “দেশপ্রেম, মায়া আর বিহ্বল প্রেমের বিষাদ ছেয়ে আছে নাটকের গল্পজুড়ে।”
নাটকে পূরবী চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা। যুদ্ধ পরবর্তী সময়ে তার আশ্রয় হয়েছিলো পুনর্বাসন কেন্দ্রে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যুদ্ধাহত সকল নারীদের বীরাঙ্গনা উপাধী দিয়েছিলেন।
রাষ্ট্রও পূরবীকে মহান এই উপাধী দিয়েছিল, কিন্তু সমাজ? যেখানে পূরবীর পরিবার মনে করতো তাকে ঘরে ফেরত নিয়ে গেলে সমাজে মুখ দেখানো যাবেনা।
আর সুভাষ, যাকে পূরবী পাগলের মতো ভালোবেসেছিল! সেও মুখ ফিরিয়ে নিল?
অগত্যা পূরবী আরো এমন মানুষদের সঙ্গে পাড়ি জমিয়েছিলো ইউরোপের একটি দেশে। অনেক সময় পর পূরবী আবার ফিরে আসে নিজ দেশে। অথচ আজ দিনগুলো কি বিষণ্ন?
পূরবী তার ছোটবেলার বাড়িটার সামনে এসে দাঁড়ায়। তার মনে অনেক প্রশ্ন। আপন মানুষগুলো কেন তাকে এভাবে দূরে ঠেলে দিয়েছিলো সেদিন?
এমন প্রশ্নই উচ্চারিত হয়েছে নাটকটিতে। এতে অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন ওমর আয়াজ অনি, রিমি করিম, এটিএম রাসেল, মনির হোসেন, রবিন প্রমূখ।
স্বাধীনতা দিবসে এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘আজ পূরবীর দিন’।
শিপন-হিমির ‘বিবেকের কাছে প্রশ্ন’
সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিবেকের কাছে প্রশ্ন’।চিত্রনায়ক শিপন মিত্র ও ‘মিস বাংলাদেশ’-এর আলোচিত প্রতিযোগী ও মডেল হিমি প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন ছবিটিতে।
তাদের সাথে আরও আছেন পাভেল জামান,সোহান ফেরদৌস প্রমুখ।
সোমেশ্বর অলির মূলভাবনা ও চিত্রনাট্যে আল-আমিন ও রাসেল আজমের পরিচালনায় ‘বিবেকের কাছে প্রশ্ন’ প্রযোজনা করেছে বাংলাঢোল। এরই মধ্যে দর্শকের নজর কেড়েছে এর ট্রেইলার।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রসঙ্গে চিত্রনায়ক শিপন বলেন, “দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করেছি। আমার বিশ্বাস ছবিটির কনসেপ্ট ও নির্মাণশৈলী পছন্দ হবে সবার।
এ সময়ের রূঢ় বাস্তবতার চিত্র তুলে ধরতে গিয়ে শুটিংয়ের সময় বারবার শিউরে উঠেছি, প্রশ্ন জেগেছে এই কী আমার বাংলা? এই কী আমার তারুণ্য?”
হিমি বলেন, “নিয়মিতই কাজ করছি। এ ধরনের কাজ খুব একটা পাওয়া যায় না। কয়েক মিনিটের একটা ছবির জন্য আমার কয়েকদিন খেটেছি। এটা একটা দারুণ টিমওয়ার্ক। ছবিটি দর্শকের চিন্তার রাজ্যে একটু হলেও নাড়া দেবে।”
‘বিবেকের কাছে প্রশ্ন’ প্রসঙ্গে চিত্রনাট্যকার ও নির্মাতারা বলেন, “ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তরুণদের অবদান ছিল সবচেয়ে বেশি। আমাদের প্রিয় বাংলা ভাষা ও দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই।
তারা যদি সঙ্কট উত্তরণে এগিয়ে না আসে, দেশীয় সংস্কৃতির বিকাশে উদাসীন হয়- তাহলে সেটি হবে দুশ্চিন্তার বিষয়।
আমরা মনে করি, দেশের বেশির ভাগ তরুণ বিপথগামী নয়। এ সময়ের ক্ষয়ে যাওয়া তরুণদের কার্যকলাপ আমাদের চিন্তিত করে, ভয়াবহ সাংস্কৃতিক সঙ্কটের ইঙ্গিত দেয়। আমরা সেই চিত্র তুলে ধরেছি ছবিটিতে।”
