২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌসুমীর ক্যারিয়ারের রজতজয়ন্তী

ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করলেন প্রিয়দর্শিনী খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা মৌসুমী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2018, 08:52 PM

Updated : 08 Apr 2022, 06:06 PM

১৯৯৩ সালের ২৫ মার্চ পরিচালক সোহানুর রহমান সোহানের পরিচালনায় মৌসুমীর অভিনীত চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে।

দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র। চুয়াল্লিশ বছর বয়সে এসেও ধরে রেখেছেন গ্ল্যামার।  কমেনি জনপ্রিয়তাও।  বিশেষ এ দিনে তাকে স্বামী চিত্রনায়ক ওমর সানি ও পুত্র-কন্যারা শুভেচ্ছা জানিয়েছেন।

তার পুত্র ফারদিন এহসান বলেন, “ ক্যারিয়ারে ২৫ বছরের অতিক্রম করায় তোমাকে শুভকামনা মা। তুমি এখনও আগের মতোই প্রাণবন্ত আছো।”

মৌসুমী শোনালেন নিজের ক্যারিয়ারের উত্থানের গল্প, “সাধারণ একটা মেয়ে ছিলাম। একটা ছবিতে কাজ করব। সবাই দেখবে, ভালো বলবে। নিজের আলাদা একটা পরিচয় হবে-এটুকু পর্যন্ত স্বপ্ন দেখতে পেরেছি। কিন্তু তারপর যে সব ঘটে গেছে সেগুলো স্বপ্নের বাইরে ছিল।”

অভিনয় শুরুর আগে আদর্শ মানতেন শাবানা ও ববিতাকে। পরবর্তীতে নায়িকা শাবনাজের অভিনয় দেখে অনুপ্রাণিত হন।

শাবনাজের ‘চাঁদনী’ ও ‘দিল’ ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার পর তার মনে হলো, শাবনাজ পারলে আমি কেন পারব না?

দিনে দিনে নিজেকে প্রস্তুত করেছেন। অভিনয় শুরুও করেছেন। মনোবলের কারণেই আজকের অবস্থানে আসতে পেরেছেন বলে মনে করেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে তার সবচেয়ে বড় প্রাপ্তি, দর্শকদের ভালোবাসা।

দর্শকদের প্রতি কৃতজ্ঞচিত্তে বললেন, “দীর্ঘ শিল্পীজীবনে এত এত মানুষের ভালোবাসা পেয়েছি, এর কোনো হিসেব মেলাতে পারি না। মাঝে মাঝে মনে হয়, আমি কি আসলেই এত বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য?

যে মানুষটিকে আমি চিনি না, জানি না, সে মানুষটিই আমার অজান্তে আমাকে এতো ভালোবাসতে পারে! ভাবতেই অবাক লাগে।

আবার ভাবি, এরকম ভালোবাসা একজন শিল্পীর প্রতি আছে। হতে পারে। এরকম হয় বোধ হয়।”

বর্তমানে তার হাতে বেশ ক’টি চলচ্চিত্র রয়েছে। মুক্তির অপেক্ষায় আছে ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’, রাশেদ রাহার ‘নোলক’, হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রির যাত্রী’।