গণহত্যা দিবসে সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
স্থাপত্যশিল্প প্রদর্শনী, সংগীত ও আবৃত্তি, নাটক ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচির মাধ্যমে একাত্তরের পঁচিশে মার্চের কালরাতে নিহতদের স্মরণ করল রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন।
শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি ছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজন ছিল রোববার বিকালে। এসব কর্মসূচিতে যোগ দিয়ে সংস্কৃতিজনরা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শেষ করার প্রত্যয় জানান।
শিল্পকলা একাডেমিতে স্থাপত্যশিল্প প্রদর্শনী
২৫ মার্চ রাতে পাকস্তানি বাহিনীর বর্বরতাকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমি আয়োজন করে ‘৭১’র বর্বরতা’ শীর্ষক স্থাপত্যশিল্প প্রদর্শনী। শিল্পী মিন্টু দে’র নকশায় নানা স্থাপত্যে উঠে আসে একাত্তরের সেই ভয়াল দিনগুলোর কথা। কনসেনট্রেশন ক্যাম্পে হতভাগ্য মানুষের মৃতদেহ,নির্যাতিতা নারীর আর্তনাদকে ফুটিয়ে তুলেছেন শিল্পী।
শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণের পুরোটা জুড়ে আয়োজিত এই স্থাপত্যশিল্প প্রদর্শনীতে উঠে আসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের নয় মাস জুড়ে পাকবাহিনীর গণহত্যার নির্মম চিত্রটি।
বিকালে এই আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
ক’দিন আগে যুক্তরাষ্ট্র সফর করে আসা সংস্কৃতিমন্ত্রী বলেন, “ফ্লোরিডার এক অনুষ্ঠানে এসে দুই পাকিস্তানি আমাকে বলল- কেন আমরা জামায়াতে ইসলামের বয়স্ক মাওলানাদের ফাঁসির কাঠে ঝোলাচ্ছি। পাকিস্তানিরা তাদের ইসলামিক লিডার হিসেবে উল্লেখ করেছিল। আমার মেজাজ খারাপ হল, আমি যা বলার বলে দিয়ে এসেছি। আমি এখনও বলছি, বাংলার মাটিতে পাকবাহিনীর দোসর রাজাকার-আলবদরদের বিচার হবেই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পর্বে রোকসানা আক্তার রূপসা, ইয়াসমীন আলী, সোহান, সূচিত্রা রাণী সূত্রধর ও ঢাকা সাংস্কৃতিক দল সংগীত পরিবেশন করে।
‘মুক্তিযুদ্ধের ভাবাদর্শে রাষ্ট্র গঠনের পথে যেতে হবে অনেক দূর’
যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন করলেও মুক্তিযুদ্ধের ভাবাদর্শের রাষ্ট্র গঠনের পথে বাংলাদেশের আরো অনেক দূর যেতে হবে বলে মন্তব্য করেছেনে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “একাত্তরে পাকবাহিনী যে গণহত্যা যজ্ঞ চালিয়েছে আমরা তার দলিলপত্র প্রণয়ন করতে পেরেছি, যুদ্ধপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন করতে পেরেছি- এটা আমাদের সাফল্য। তবে মুক্তিযুদ্ধের চেতনায় প্রণীত সংবিধান এবং মুক্তিযুদ্ধের ভাবাদর্শের রাষ্ট্র গঠনের পথে আমাদের অনেক দূর যাওয়ার আছে।”
স্বাধীনতা উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন
সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ‘স্বাধীনতা উৎসব’ এর দ্বিতীয় দিনে কেন্দ্রীয় শহীদ মিনার ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ছিল সাংস্কৃতিক আয়োজন।
কেন্দ্রীয় শহীদ মিনারে দেশাত্মবোধক গান পরিবেশন করেন মহাদেব ঘোষ, ফরিদা পারভীন, এস এম মেজবাহ। দলীয় সংগীত পরিবেশন করে বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। দলীয় আবৃত্তি পরিবেশন করে কণ্ঠশীলন, সংবৃতা। একক আবৃত্তি পরিবেশন করেন রূপা চক্রবর্তী, মাহিদুল ইসলাম। শিশু সংগঠন সপ্তকলির আসরের পর নৃত্যাক্ষ পরিবেশন করেন। পথনাটক পরিবেশন করেন খেয়ালী নাট্যগোষ্ঠী।
রবীন্দ্র সরোবর মঞ্চে দলীয় সংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী, ছায়ানট, সমস্বর। একক সংগীত পরিবেশন করে অনিমা রায়, সমর বড়ুয়া, নাসিমা শাহিন ফ্যান্সী, বিমান বিশ্বাস। দলীয় আবৃত্তি পরিবেশন করে স্বরব্যঞ্জন, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, আবৃত্তি একাডেমি। একক আবৃত্তি পরিব্শেন করেন ডালিয়া আহমেদ, অনন্যা লাবণী পুতুল। শিশু সংগঠন সুর বিহারের পর দলীয় নৃত্য পরিবেশন করে পুস্পাঞ্জলী কলাকেন্দ্র, ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র। পথনাটক পরিবেশন করে ঢাকা রঙ্গপীঠ।
