এক অভিমানী বীরাঙ্গনার গল্প
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নির্মিত হলো বিশেষ নাটক ‘আজ পূরবীর দিন’।
মাসুম রেজার রচনায় মাহমুদ দিদারের পরিচালনায় নির্মিত হলো স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘আজ পূরবীর দিন’। নাটকটিতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ।
নাটকটি প্রসঙ্গে নাট্যকার মাসুম রেজা বলেন, “এটি একজন বীরাঙ্গনার গল্প। রাষ্ট্র স্বীকৃতি দিলেও সমাজ যাকে ক্রমেই দূরে ঠেলেছে।”
মাহমুদ দিদার বলেন, “দেশপ্রেম, মায়া আর বিহ্বল প্রেমের বিষাদ ছেয়ে আছে নাটকের গল্পজুড়ে।”
নাটকে পূরবী চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা। যুদ্ধ পরবর্তী সময়ে তার আশ্রয় হয়েছিলো পূনর্বাসন কেন্দ্রে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যুদ্ধাহত সকল নারীদের বীরাঙ্গনা উপাধী দিয়েছিলেন। রাষ্ট্র পূরবীকেও মহান এই উপাধী দিয়েছিল, কিন্তু সমাজ? যেখানে পূরবীর পরিবার মনে করতো তাকে ঘরে ফেরত নিয়ে গেলে সমাজে মুখ দেখানো যাবেনা। আর সুভাষ, যাকে পূরবী পাগলের মতো ভালোবেসেছিল! সেও মুখ ফিরিয়ে নিলো?
অগত্যা পূরবী আরো এমন মানুষদের সঙ্গে পাড়ি জমিয়েছিলো ইউরোপের একটি দেশে। অনেক সময় পর পূরবী আবার ফিরে আসে নিজ দেশে। অথচ আজ দিনগুলো কি বিষণ্ন? পূরবী তার ছোটবেলার বাড়িটার সামনে এসে দাঁড়ায়। তার মনে অনেক প্রশ্ন। আপন মানুষগুলো কেন তাকে এভাবে দূরে ঠেলে দিয়েছিলো সেদিন?
এমন প্রশ্নই উচ্চারিত হয়েছে নাটকটিতে। এতে অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন ওমর আয়াজ অনি, রিমি করিম, এটিএম রাসেল, মনির হোসেন, রবিন প্রমূখ। স্বাধীনতা দিবসে এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘আজ পূরবীর দিন’।
