২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমার কাজে আগে থেকে পারিশ্রমিক নেন না আমির

কোনো সিনেমায় কাজের জন্য আগে থেকে পারিশ্রমিক নেননা আমির । সিনেমা মুক্তির পর ব্যবসা অনুপাতে পারিশ্রমিক নেন এই অভিনেতা ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2018, 09:40 PM

Updated : 08 Apr 2022, 06:03 PM

বলিউডের মহাতারকা আমির খান সম্প্রতি আইএএনএস-কে জানিয়েছেন, সিনেমা মুক্তির আগে কোনো পারিশ্রমিক ধার্য করেন না । বিনা পারিশ্রমিকেই পুরো চলচ্চিত্রের শ্যুটিং করেন তিনি ।

সিনেমা মুক্তির পর ব্যবসা অনুপাতে তার পারিশ্রমিক নেওয়ার পদ্ধতি অনেকেরই অজানা ।

তিনি বলেছেন, “অনেকেই জানেন না, আসলে আমি প্রথমেই সিনেমায় কাজের জন্য পারিশ্রমিক ঠিক করি না । অনেক বছর আগে থেকেই আমি এই পদ্ধতিতে কাজ করছি ।

কোনো ছবি যদি কম ব্যবসা-সফল হয়, আমিও কম পারিশ্রমিক নিই । আবার কোনো সিনেমা বেশি ব্যবসা করলে আমি সেই সিনেমায় বেশি পারিশ্রমিক নিই ।”

আমির খান অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ চীনে এক সপ্তাহের মধ্যেই ৪২০.৫৭ কোটি রুপির বেশি ব্যবসা করেছে । এর আগে তার ‘দঙ্গল’ও চীনে আয় করে প্রায় ১২০০ কোটি রুপি।

মুক্তির প্রথম দিনেই ১ কোটি ৩ লাখ রুপি আয় করে ‘দঙ্গল’ হংকং-এও বেশ ভালো ব্যবসা করেছিল।

সাম্প্রতিককালে আমিরের বেশিরভাগ সিনেমাই বক্সঅফিসে ভীষণ সফল ।

১৪ মার্চ মুম্বাইয়ে পরিবারের সঙ্গে নিজের জন্মদিন কাটিয়ে তিনি ফিরে গেছেন রাজস্থানের যোধপুরে ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর শ্যুটিংয়ে ।

এই ছবিতে অমিতাভ বচ্চন, আমির খান ছাড়াও অভিনয় করছেন ফাতেমা সানা শেখ, ক্যাটরিনা কাইফ ।

বিজয়কৃষ্ণ আচার্য পরিচালিত ‘ঠাগস অব হিন্দোস্তান’ চলচ্চিত্রটি ২০১৮’র নভেম্বরে মুক্তির কথা রয়েছে।