পাত্রের খোঁজ চলছে মিশুর
নিজের বিয়ে বিষয়ক হালনাগাদ তথ্য নিয়ে এলেন অভিনয়শিল্পী ও উপস্থাপক মিশু চৌধুরী। বৃহস্পতিবার গ্লিটজকে জানান, ইতিমধ্যে পরিবার থেকে তার পাত্র খোঁজাখুঁজি শুরু করেছে।
তাহলে কবে নাগাদ বিয়ে করছেন? তিনি বললেন, “২০২০ সালে বিয়ে করবো।”
তবে এখানেই মন্তব্যের ইতি না টেনে সঙ্গে আরও খানিকটা সম্ভাবনা কিংবা সংশয়ও ঢেলে বললেন, “আবার যেকোনো মুহূর্তে বিয়ে হয়ে যেতেও পারে। হলে এটা সবার জন্য অবাক ব্যাপার ঘটবে।”
তবে আপাতত সংসার সাজানোর পরিকল্পনা রেখে নিজের ক্যারিয়ারটা গুছিয়ে নিতেই বেশি আগ্রহী এ অভিনয়শিল্পী। ব্যস্ত সময় পার করছেন উপস্থাপনা, টিভিনাটক ও মঞ্চনাটকে।
উপস্থাপনা করছেন এটিএন বাংলায় খেলাধূলা বিষয়ক অনুষ্ঠান ‘খেলার জগত’। প্রতি সোমবার বিকাল ৪টায় প্রচার হচ্ছে অনুষ্ঠানটি।
নিউজ টোয়েন্টিফোর চ্যানেলে ‘উই লাভ স্পোর্টস’ নামে আরেকটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। প্রতি শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।
‘গ্রামের নাম শিমুলপুর’ নামে একটি ধারাবাহিক নাটকে শ্যুটিং করছেন মিশু। তিনি জানান, আগামী ১৮ মার্চ থেকে সন্ধ্যা ৬টায় প্রতিদিন চ্যানেল আইতে প্রচার হবে।
নাটকটি পরিচালনা করছেন সাজু আহসান ও বাসার জার্জিস। রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।
মিশু ছাড়াও এতে অভিনয় করেছেন মাজনুন মিজান, শামিমা তুষ্টি, শাহেদ শারিফ খান, মৌসুমি হামিদ, তাজিন আহমেদ, আরমান পারভেজ মুরাদসহ আরও অনেকে।
চিত্রনাট্যকার মাসুম রেজার রচনা ও পরিচালনায় দেশ নাটকের ‘সুরগাঁও’ নাটকেও অভিনয় করছেন তিনি।
