২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্জালে বাপ্পা-কোনালের ‘ঘুম জড়ানো’

দ্বৈত গান নিয়ে এলেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনাল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2018, 06:21 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে প্রকাশিত হলো বাপ্পা-কোনালের নতুন গান ‘ঘুম জড়ানো’। গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

গানটি ১২ মার্চ রাতে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

রোমান্টিক ঘরানার গানটিতে মডেল হয়েছেন চলতি প্রজন্মের জনপ্রিয় দুই মডেল তাসনুভা তিশা ও আযহার সাইনি।

ভিডিওতে দুজনের দাম্পত্য প্রেম-অভিমানের নানা দৃশ্যে গানের কথাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এতে দেখা মিলেছে কণ্ঠশিল্পী কোনালেরও।

এ প্রসঙ্গে প্রসঙ্গে কোনাল বলেন, “গান তো অনেক গাই কিন্তু সবসময় তৃপ্তি পাই না। এটি তেমনই একটি গান যেটি গেয়ে তৃপ্তি পেয়েছি। মনে হয়েছে এই গানটি আমার জন্যই তৈরি হয়েছে।

 

আর ভিডিওটি দেখার পরে প্রাণটা জুড়ালো। গানটাকে ধরেই বুঝি ভিডিওর অসাধারণ একটা চিত্রনাট্য হয়েছে।

গানটির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ, এই গানটি আমাকে বাঁচিয়ে রাখবে বহুদিন।”

নির্মাতা ভিকি জাহেদ বলেন, “আমি বরাবরই চেষ্টা করি একটা মৌলিক গল্প দর্শকদের কাছে পৌঁছাতে। আর সেই গল্পটি তৈরি করি অডিও গানটির ওপর ভর করে। এই গানটি অসাধারণ লেগেছে বলেই এর গল্পটাও ভালো দাঁড়িয়েছে।

তাসনুভা-আযহার দুজনেই গল্পটিতে মিশে গেছেন। আশা করছি সবার ভালো লাগবে।”

শরীফ আল দীনের কথায়, নাজির মাহমুদের মেলোডি সুরে ‘ঘুম জড়ানো’ গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। আর এটির ভিডিও নির্মিত হয়েছে ভি ক্রিয়েশন-এর ব্যানারে।