চলচ্চিত্রে ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড পেলেন শবনম ফেরদৌসী
নারী দিবসে শুরু হওয়া তিনদিনের উৎসব উইল ফেস্ট-এর সমাপণী অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হলো বিশিষ্ট নারীদের। কর্মক্ষেত্রে এবং সামাজিক অবস্থানে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে দেওয়া হলো এই পুরস্কার।
শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডস-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর।
অতিথিদের মূল্যবান বক্তব্যের পাশাপাশি বক্তব্য রাখেন উইমেন ইন লিডারশীপ-এর প্রেসিডেন্ট নাজিয়া আন্দালিব প্রিমা।
চতুর্থবারের মত অনুষ্ঠিত এই আয়োজনে এবার পুরস্কৃত করা হয় ১৩জন নারী, ১জন পুরুষ এবং ১টি প্রতিষ্ঠান কে। পাশাপাশি বিশেষ স্বীকৃতি প্রদান করা হয় ১৩জন নারীসহ ১টি প্রতিষ্ঠানকেও।
এ উৎসবে চলচ্চিত্রে ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড পেয়েছেন বরেণ্য নির্মাতা শবনম ফেরদৌসী।
তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি দীর্ঘ ১৮ বছর ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছি। শুধু নির্মাণে নয়, নির্মাণ সহযোগিতায়, সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রেখেছি।
আমাকে যারা উৎসাহিত করেছেন এ যাত্রায় এবং যাদের আমি উৎসাহিত ও সহযোগিতা করতে পেরেছি তারই স্বীকৃতি এই অ্যাওয়ার্ড। তাই ভালো লাগছে।”
নির্মাতা শবনম ফেরদৌসী ইতিমধ্যেই ৩৫টি গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে প্রামাণ্যচিত্র প্রচারে তার ভূমিকা অনবদ্য।
বিগত দুই দশকে তিনটি টেলিভিশন চ্যানেলে প্রামাণ্যচিত্র বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপালন করে এসেছেন তিনি।
বর্তমানে একাত্তর টেলিভিশনে কর্মরত এ নির্মাতার প্রযোজনায় নির্মিত প্রামাণ্যচিত্রের সংখ্যা ৭০টি।
সংগঠক হিসেবে তিনি বাংলাদেশ ডকুমেন্টারি কাউন্সিল-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আজীবন সদস্যও তিনি।
নির্মাতা হিসেবে তিনি পেয়েছেন বাংলাদেশ মহিলা সমিতি পরিষদ পুরস্কার, অনন্যা পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মুভিয়ানা ফিল্ম সোসাইটি পুরস্কার ।
প্রামাণ্যচিত্র ‘বিষকাব্য’র জন্য লন্ডনের রেইনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ও প্রামান্যচিত্র ‘জন্মসাথী’ নির্মাণের জন্য ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ও বেধিসত্ব ফিল্ম ফেস্টিভালের জুরি ম্যানশন অ্যাওয়ার্ড পেয়েছেন।
নির্মাতা শবনম ফেরদৌসী বর্তমানে ব্যস্ত রয়েছেন সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘আজব কারখানা’ নির্মাণে।
