নাট্যজন সৈয়দ মহিদুলকে সম্মাননা
নাট্যজন ও চলচ্চিত্র নির্মাতা সৈয়দ মহিদুল ইসলামকে মরণোত্তর সম্মাননা দিয়েছে বাগেরহাট ফিল্ম সোসাইটি।
বাগেরহাট ফিল্ম সোসাইটির ১৫ বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে শনিবার তাকে সম্মাননা দেওয়া হয় বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মীর শওকত আলী বাদশার হাত থেকে সম্মাননা স্মারক নেন সৈয়দ মহিদুলের পরিবারের সদস্যরা।
সৈয়দ মহিদুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় পড়াশোনার পর সৈয়দ মহিদুল ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
নিজের প্রতিষ্ঠিত ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর জন্য বিভিন্ন নাটক লেখা ও নির্দেশনা দেওয়ার পাশাপাশি বেতার ও টেলিভিশনে অসংখ্য নাটকে অভিনয় ও কণ্ঠ দেন এই শিল্পী।
অনেক চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি; ‘আমি কার’ ও ‘স্বপ্ন যাত্রা’ নামে দুটি চলচ্চিত্র তিনি নির্মাণ করেন।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- ঈশ্বর এবং আমি, মানুষ অচেনা অন্ধকার, আয়নার সামনে চড়ুই পাখি, অবশেষে, অভিনয় ইত্যাদি।
মঞ্চ ও টেলিভিশনের জন্য ডজন খানেক নাটক অনুবাদও করেন সৈয়দ মহিদুল।
