২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছেদের জন্য পছন্দের বাড়ি ছাড়ছেন মিস্টার বিন

বহু দিনের যুদ্ধের পর নিজের মতো করে যে বাংলোটি তৈরি করেছিলেন মিস্টার বিন খ্যাত তারকা রোয়ান অ্যাটকিনসন, বিচ্ছেদের জন্য এখন সাবেক স্ত্রীকে ছেড়ে দিতে হচ্ছে তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2018, 10:30 AM

Updated : 11 Oct 2022, 12:10 PM

এই অভিনেতার সঙ্গে বিচ্ছেদের ক্ষেত্রে এই শর্তে রফা হয়েছে সুনেত্রা শাস্ত্রী। ৫৫ বছর বয়সী অ্যাংলো ইন্ডিয়ান সুনেত্রা একজন মেকআপ আর্টিস্ট।

বর্তমানে ৬৩ বছর বয়সী অ্যাটকিনসনকে ১৯৯০ সালে বিয়ে করেছিলেন সুনেত্রা। দুই সন্তান হওয়ার পর ২০১৬ সালে তাদের ছাড়াছাড়ি হয়। তারপর থেকে বিচ্ছেদের শর্ত নিয়ে তাদের মধ্যে দর কষাকষি চলছিল।

এখন কটসওল্ডের এক কোটি ইউরোর আধুনিক, সুসজ্জিত ওই বাংলাটি সুনেত্রাকে দেওয়ার শর্তে তাদের মধ্যে রফা হয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল।

Image
রোয়ান অ্যাটকিনসন ও তার সাবেক স্ত্রী সুনেত্রা শাস্ত্রী (ফাইল ছবি: রয়টার্স)

রোয়ান অ্যাটকিনসন ও তার সাবেক স্ত্রী সুনেত্রা শাস্ত্রী (ফাইল ছবি: রয়টার্স)

প্রতিবেশীদের আপত্তিতে নানা ঝুট ঝামেলার পর এই বাড়িটি নির্মাণ করেছিলেন অভিনেতা অ্যাটকিনসন।

নিজের পছন্দে করা এই বাড়িটি অ্যাটকিনসনের ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন তার বন্ধুরা।

অ্যাটকিনসন এখন আছেন তার নতুন প্রেমিকা ৩৪ বছর বয়সী লুইস ফোর্ডের সঙ্গে; তাদের একটি সন্তানও হয়েছে। থাকছেন তারা নর্থ লন্ডনের হ্যাম্পস্টেডে। অ্যাটকিনসনের এই বাড়িটির দাম ৫০ লাখ ইউরো।