একুশে পদকপ্রাপ্ত পরিচালকদের সম্মাননা
১৯৭৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত একুশে পদকপ্রাপ্ত ২১ জন পরিচালককে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফডিসির পরিচালক (প্রশাসন ও অর্থ) লক্ষণ চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক বদিউল আলম খোকন।
তথ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, “মানুষকে সম্মান দেওয়া শিখছি আমরা। বিষয়টি আমার খুব ভালো লাগছে। আমরা প্রশংসা করতে একটু কার্পণ্য বোধ করি। কিন্তু ভালো কাজের জন্য উৎসাহ দেওয়া দরকার। সব সময় পিঠ চাপড়ানো দরকার।”
মুশফিকুর রহমান গুলজার বলেন, “একুশে পদকপ্রাপ্ত পরিচালকদের আমরা বিনীতভাবে স্মরণ করছি। তাদের মধ্যে অনেকে আজ বেঁচে আছেন। অনেকে আবার পৃথিবী থেকে চলে গেছেন। তারা শুধু চলচ্চিত্র পরিচালনায় করেননি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের জন্যও কাজ করেছেন।”
ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এটিএম শামসুজ্জামান, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সৈয়দ হাসান ইমাম।
এছাড়া মরহুম কলিম শরাফী, সাদেক খানের পদকটি নেওয়ার জন্য কেউ উপস্থিত না হওয়ায় সেটি পরিচালক সমিতিতে সংরক্ষিত থাকবে বলে জানানো হয়।
