২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত ভক্তের সম্পত্তি ফিরিয়ে দেবেন সঞ্জয় দত্ত

মৃত্যুর পর নিশির আইনজীবী জানান, সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি নিশি তার প্রিয় অভিনেতাকে উইল করে গেছেন। সঞ্জয় যদিও ভক্তের এই উপহার ফিরিয়ে দেবেন তার পরিবারকেই ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 09:51 PM

Updated : 08 Apr 2022, 06:01 PM

তারকাদের ভক্তদের নানা ধরণের উন্মাদনাই দেখা গেছে । বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত তার এক ভক্তের কান্ড দেখে রীতিমতো বিস্মিত ।

গত ২৯জানুয়ারি পুলিশের এক ফোন পেয়ে রীতিমতো চমকে গেছেন ‘সঞ্জুবাবা’ । পুলিশ জানায় ৬২বছর বয়সী তার এক ভক্ত মারা গেছেন পনেরোদিন আগেই । সে তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি সঞ্জয় দত্তের নামে লিখে গেছেন ।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, ৬২ বছর বয়সী নিশা ত্রিপাঠী, ভারতের মুম্বাই শহরের কাছেই মালাবার হিল এলাকার বাসিন্দা। দীর্ঘদিন নানান অসুস্থতার সঙ্গে যুদ্ধ করে গত ১৫ জানুয়ারি মারা যান।

মৃত্যুর পর নিশির আইনজীবী উইল প্রকাশ্যে নিয়ে আসেন । তিনি নিশির পরিবারের সদস্যদের জানান, নিশি ত্রিপাঠী তার সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি প্রিয় অভিনেতাকেই দান করে গিয়েছেন।

নিশির বসতবাড়িসহ ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থও তিনি সঞ্জয় দত্তের নামে লিখে দিয়েছেন।

উকিলের চিঠিও সঞ্জয় দত্ত’র পালি হিলের বাসভবনে পাঠানো হয়েছে।

সঞ্জয় দত্ত মন্তব্য করেছেন, “অভিনেতা হিসেবে আমরা ভক্তদের নানারকমের ভালোবাসা পাই । অনেকে আমার নামে ছেলের নামও রাখে ।

কিন্তু এ ঘটনায় রীতিমতো বিস্মিত এবং হতবাক । আমি নিশিকে চিনিও না । এসমস্ত কিছু জানতামও না । রীতিমতো বিহ্বল হয়ে পড়েছি তার এই কান্ডকারখানায় ।”

সঞ্জয় দত্তের আইনজীবি সুভাষ যাদব জানিয়েছেন, সঞ্জয় দত্ত তার ভক্তের এই ভালোবাসার দানে অভিভূত । নিশির পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন, আইনিভাবেই তার পরিবারের কাছে সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেবেন ।

আপাতত এই বলিউড অভিনেতা ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার থ্রি’ সিনেমার শ্যুটিং নিয়েই ব্যস্ত আছেন ।