২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কমেছে নারী নিপীড়ন, বেড়েছে প্রতিবাদ’

আন্তর্জাতিক নারী দিবসে গ্লিটজ-এর সঙ্গে আলাপচারিতায় অভিনেত্রী আজমেরি হক বাঁধন জানালেন নারী নিপীড়ন ও নারীর সুরক্ষা নিয়ে তার ভাবনার কথা।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 07:20 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

নিপীড়নের কোনো গণ্ডি নেই

ঘরে কিংবা বাইরে-সবখানেই নিপীড়নের শিকার হয় নারীরা। এমনকি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের দ্বারাও নিপীড়িত হন।

নারীকে নিপীড়নের নির্দিষ্ট কোনো গণ্ডি নেই। জন্মের পর থেকেই এ ধরনের বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে কর্মক্ষেত্রেও নিরাপত্তাহীনতায় ভুগছে নারীরা।

কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা

শুধুমাত্র বিনোদন জগতের নারীরাই অনিরাপদ, তা কিন্তু নয়। বাইরে যে নারীরা কাজ করে তারা নিজেই নিজের সুরক্ষাটা নিতে জানে।

বরং বাসায় যে মেয়েটি কাজ করে, বাইরে বের হয় না কিংবা শিক্ষাগত যোগ্যতায় পিছিয়ে, সেই নারীরাই বেশি নিপীড়নের শিকার হন।

কারণ তারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। ফলে তাদের সঙ্গে অন্যায় হতেই থাকবে।

শুধু আমাদের কাজের ক্ষেত্রেই না, যেকোনো জায়গায় খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারি আমরা।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দ্বারাও ছাত্রী নির্যাতনের ঘটনা ঘটছে। আন্দোলনের মুখে শিক্ষকরা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। এটা ধরে রাখলে দিনে দিনে নিরাপদ হবে এই সমাজ।

 

নিজের সুরক্ষা নিজেকেই নিতে হবে

নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেকেই করতে হবে। নিজের সুরক্ষা নিজেকেই নিতে হবে। আমার বাচ্চাকে আমি এখন থেকেই শেখাই, কীভাবে অপ্রীতিকর ঘটনা থেকে নিজেকে নিরাপদ রাখবে।

শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করলে আমাকে জানাতে বলেছি। শুধু আমার মেয়ে না, সব মেয়েদেরই ছোটবেলা থেকে এমনটা শেখানো হয়।

কমেছে নারী নিপীড়ন, বেড়েছে প্রতিবাদ

ছোটবেলায় চাঁদনী চকে গেলে ভিড়ের মধ্যে মানুষ গায়ে হাত দিত। এখন গায়ে হাত দেওয়াটা অনেকাংশে কমেছে।

এখন নেটে প্রতিবাদ করলে দশটা মানুষ এগিয়ে আসে। আগে নারীরা নিপীড়নের শিকার হলে পরিবার থেকে বলা হতো, চেপে যাও। কিন্তু এখনকার নারীরা প্রতিবাদ করে। আমাদের সন্তানদেরও প্রতিবাদটা শেখাতে হবে।

অনেক সময় বাসায় বাবা-ভাইয়ের দ্বারাও বিদ্রূপের শিকার হন-তখনও প্রতিবাদ করতে হবে। সবার আগে আমি একজন মানুষ। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার আমার রয়েছে।

পর্দাজুড়ে পুরুষের বীরত্ব, নারীদের এগিয়ে আসতে হবে

বিষয়টা নিয়ে নুসরাত ফারিয়া দারুণ একটা স্ট্যাটাস দিয়েছে। ছোটবেলা থেকেই আমরা সিনেমায় দেখেছি, হিরোইনকে হিরো বাঁচাবে। গাড়ি চালাবে পুরুষ।

কিন্তু এই জায়গাটা থেকে আমাদের বের হতে হবে। আমি নিজেই নিজেকে রক্ষা করব। আমার কণ্ঠে জোর আনতে হবে।

ফারিয়ার কথাটা বেশ ভালো লেগেছে। আসলেই মেয়েদেরকে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। পরে তার বাবা-ভাই কিংবা বন্ধুর ভূমিকা।

ছবি: বাঁধনের ফেইসবুক থেকে নেওয়া।