২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারকাদের ভাবনায় সাতই মার্চ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে নিজেদের অনুভূতির কথা শোনালেন তারকারা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 08:50 PM

Updated : 08 Apr 2022, 06:01 PM

তিনি পলিটিক্যাল পোয়েট:  ফারুক

বিশ্বের অনেক বিখ্যাত মানুষের ভাষণ শুনেছি আমি। কিন্তু সেই রকম কোনো ইমোশন পাইনি যেমনটা বঙ্গবন্ধুর ভাষণে পেয়েছি আমি।জীবনের সমস্ত অর্জন আর হৃদয়ের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে তিনি এ বক্তব্য রাখেন।

যুদ্ধে আমাদের কী দরকার, কী করতে হবে তার সব নির্দেশনা দিয়ে দিয়েছেন ভাষণে। ভাষণের প্রত্যেকটাই কথাই কী গভীর।

‘রক্ত যখন দিয়েছি’ এই কথাটি মানুষকে লড়াইয়ের অনুপ্রেরণা জুগিয়েছে। স্বাধীনতার জন্য তিনি যা ভাবতেন সেটা সাতই মার্চের ভাষণেই বলে দিয়েছেন।

ভাষণের শেষে তিনি বলেছেন, “আমি মুক্তি চাই, সংস্কৃতির মুক্তি চাই”।

ইউনেস্কো ভাষণকে স্বীকৃতি দিয়েছে। এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমি মনে করি, তিনি পলিটিক্যাল পোয়েট।

ভাষণ শুনে যুদ্ধে গেছি: ফকির আলমগীর

এটা শুধুমাত্র কোনো ভাষণই নয়। এর মধ্যে যুদ্ধের নির্দেশ ছিল, রণকৌশল ছিল। ততদিনে তো গেরিলা যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। তার ভাষণ শুনেই আমি যুদ্ধে উদ্বুদ্ধ হয়েছি।

এতদিন পরও এই ভাষণ আমাদের উজ্জীবিত করে। সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর সাহস জোগায় আমাদের। যারা স্বাধীনতায় বিশ্বাস করে তাদের সবাইকেই এ ভাষণ বিশ্বাস করতে হবে।

সেই আলোকবর্তিকা : রোকেয়া প্রাচী

একটি সাতই মার্চের ভাষণ হচ্ছে পুরো বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের জন্ম, বাংলাদেশের অস্তিত্ব, পুরো বিষয়টা এই ভাষণ আমার কাছে একটি চিত্রপট তৈরি করে। সাতই মার্চের ভাষণ আমাকে বারবার সাহসী করে।

বারবার আমাকে শেখায় যারা মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে, যারা আমাদের সংবিধানের বিপক্ষে, যারা লাল সবুজ পতাকার বিপক্ষে, সাতই মার্চের ভাষণ আমাকে বারবার মনে করিয়ে দেয় তাদের সঙ্গে কোনো আপোষ হবে না।

যারা জয় বাংলার বিপক্ষে তাদের সঙ্গে কোনো আপোষ হবে না। সাতই মার্চের ভাষণ আমাকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার কথা মনে করিয়ে দেয়। সাতই মার্চের ভাষণের ওপর দাঁড়িয়েই কিন্তু আমার অস্তিত্ব সুরক্ষিত হয়।

যেদিন সাতই মার্চের ভাষণ থাকবে না সেদিন আমার অস্তিত্ব সংকটে পড়ে যাবে, আমাদের জাতির অস্তিত্ব সংকটে পড়ে যাবে, বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে।

আমরা যদি কোনো আলোকের দিকে তাকাতে চাই সাতই মার্চের ভাষণ হচ্ছে সেই আলোকবর্তিকা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সাতই মার্চের ভাষণটি দিয়ে জাতি হিসেবে আমাদের গর্বিত করেছন, অহংকারী করেছেন, সাহসী করেছেন এবং মর্যাদা রক্ষায় সচেষ্ট একটি জাতিতে পরিণত করেছে যা পুরো পৃথিবীর ইতিহাসে বিরল।

বাংলাদেশের বিজয়মন্ত্র: জ্যোতিকা জ্যোতি

আমার কাছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ বাংলাদেশের বিজয়মন্ত্র। যে মন্ত্রে উজ্জীবিত হয়ে লক্ষ লক্ষ সাধারণ মানুষ হয়ে উঠেছিল বীরযোদ্ধা। দেশপ্রেমের যে উন্মাদনায় তারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন সে উন্মাদনার প্রধান অনুপ্রেরণা বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ, আমার তাই বিশ্বাস।

শুধু ১৯৭১ নয়, সে ভাষণ এক কালোত্তীর্ন মুক্তিগাঁথা, যা শুনলে এখনও আমাদের শরীরে টগবগে শিহরণ জাগে। মনে হয় এই বজ্রকন্ঠের উদাত্ত আহ্বানে আমি জীবন বাজি রেখে দেশের জন্য যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে পারি।

বঙ্গবন্ধুর সে ভাষণের ভাষাও আমাদের বাংলার সংস্কৃতিকে উপস্থাপন করে।এ ভাষণ যখনই শুনি আমি, নতুন করে আমাদের ভাষা বৈচিত্রের প্রেমে পড়ি। আর তার সেই কন্ঠ, সেই তর্জনি যেন যেকোনও অস্ত্রের চাইতেও শক্তিশালী।

সে ভাষণ এমন এক শক্তি ভেতরে তৈরি করে, মনে হয় যেন আমরা সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক যেকোনও মুক্তির যুদ্ধেই জয়ী হবো, “কেউ আমাদের দাবায়ে রাখতে পারবেনা”।

সে ভাষণ প্রত্যেকবার মনে করিয়ে দেয় শেখ মুজিবর রহমান আমাদের মুক্তি সংগ্রামের নায়ক, আমার মহানায়ক।