ওয়েব সিরিজে অন্তু করিম
বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ ও আরবি, এই চার ভাষায় কনটেক্স জি ফিল্মসের ব্যানারে অনিক কান্তি সরকারের পরিচালনায় নির্মিত হচ্ছে অ্যাকশন-থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘দ্য প্রটেকটর’।
গল্পের কেন্দ্রীয় চরিত্র সাজিদ খানের নাম ভূমিকায় দেখা যাবে অভিনেতা অন্তু করিমকে। গত রবিবার অন্তর্জালে এর পোস্টার উন্মুক্ত করা হয়েছে।
পরিচালক অনিক কান্তি সরকার বলেন, “গল্পটাও চমৎকার, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছি, কারণ নির্মাণে কোনো খুঁত রাখতে চাইনি। আশা করি বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পাবে ‘দ্য প্রটেকটর’।”
এ প্রসঙ্গে অন্তু করিম বলেন, “সাজিদ চরিত্রটি একটু অন্যরকম, অনেক বেশি চ্যালেঞ্জিং। অনেক ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে হচ্ছে, তবে কাজটাকে বেশ উপভোগ করছি।
আমার সকল পরিশ্রম সার্থক হবে যদি দর্শককে একটা ভালো কাজ উপহার দিতে পারি। আশাকরি এক অন্যরকম অন্তু করিমকে আপনারা পর্দায় খুঁজে পাবেন।”
‘দ্য প্রটেকটর’-এর গল্প লিখেছেন অনিক কান্তি সরকার ও নোমান হোসেন।
গল্পটিতে দেখানো হচ্ছে ২০২০ সালের এক উন্নয়নশীল বাংলাদেশকে, সে সময় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে বহির্বিশ্বের কিছু কুচক্রী মহল। এভাবেই এগিয়ে যায় গল্প।
পরিচালক জানান, খুব শিগগিরই অন্তর্জালে মুক্তিপাচ্ছে ‘দ্য প্রটেকট’-এর ফার্স্ট লুক।
