২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বালিঘর’-এর সংগীত পরিচালনায় চিরকুট

দুই বাংলার চলচ্চিত্র ‘বালিঘর’-এর সংগীত পরিচালনায় বাংলাদেশের চিরকুট ব্যান্ড।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 09:18 PM

Updated : 08 Apr 2022, 06:00 PM

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশন-এর দুই বাংলার চলচ্চিত্র ‘বালিঘর’ নির্মাণ করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা অরিন্দম শীল।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের সঙ্গে থাকছেন উপমহাদেশের পারকাশন লেজেন্ড বিক্রম ঘোষ।

চিরকুট ব্যান্ড জানায় চলচ্চিত্রের গানগুলোর কথা ও সুর করছেন তারা।

চিরকুট-এর পক্ষ থেকে শারমিন সুলতানা সুমী গ্লিটজকে বলেন, “অরিন্দমদা তার নতুন ছবি ‘বালিঘর’-এর স্ক্রিপ্ট তুলে দিয়েছেন আমাদের হাতে।

সম্প্রতি নিজেই টানা আড়াই ঘণ্টা পড়ে শুনিয়েছেন তার স্ক্রিপ্ট। মন্ত্রমুগ্ধের মত আমরা সবাই শুনছিলাম তার ছবির প্রতিটি শব্দ, দৃশ্য।

বন্ধুত্ব আর মানবিক সম্পর্কের দারুণ এক গল্প নিয়ে ‘বালিঘর’। ছবিতে উপমহাদেশের পারকাশন লেজেন্ড বিক্রম ঘোষ-এর সাথে আমরা মিউজিক ডিরেক্টর হিসেবে কোলাবোরেট করব।

সৌভাগ্য এবং একইসাথে অনেক বড় দায়িত্ব। দেখা যাক কতটুকু কী করতে পারি।”

পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য রচিত ‘ঢেউ আসে ঢেউ যায়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটির চিত্রনাট্য।

এতে নায়ক হিসেবে থাকছেন আরিফিন শুভ। সঙ্গে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও নওশাবা।

তারকাবহুল চলচ্চিত্রটিতে কলকাতার অভিনয়শিল্পীদের মধ্যে থাকছেন আবীর চ্যাটার্জি, পার্নো মিত্র, রাহুল ব্যানার্জী, ও অনির্বাণ ভট্টাচার্য।

ব্যান্ডের গানের পাশাপাশি প্লেব্যাকেও তুমুল জনপ্রিয়তা অর্জন করা চিরকুট জানায় ‘বালিঘর’ ছাড়াও তাদের সুর ও সংগীতে ধ্রুব হাসানের ‘দাহকাল’, এম সাখাওয়াত হোসেনের ‘আসমানী’, ও মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ চলচ্চিত্রেও থাকছে তাদের গান ও সুরের ছোঁয়া।