জার্মানির ফিল্ম ফেস্টে ‘আ পেয়ার অব স্যান্ডেল’
জসীম আহমেদের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘আ পেয়ার অব স্যান্ডেল’ বেস্ট শর্টফিল্ম ক্যাটাগরিতে প্রতিযোগিতা করছে জার্মানির ইন্ডিপেন্ডেন্ট ডেইজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টে।
আগামী ১৮ থেকে ২২ এপ্রিল জার্মানির কালশরুহি শহরে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সিনেমার গুরুত্বপূর্ণ উৎসব ইন্ডিপেন্ডেন্ট ডেইজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টের ২০ তম আসর।
আসরের শেষ দিনে কালশরুহির শোবার্গ থিয়েটারে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে এক সাথে প্রদর্শিত হচ্ছে সর্বোচ্চ ৫ মিনিট দৈর্ঘ্যের ছবিগুলি।
এটিই উৎসবের সমাপনী প্রদর্শনী, যেখানে রয়েছে বাংলাদেশের ‘আ পেয়ার অব স্যান্ডেল’। এমনটিই দেখা গিয়েছে উৎসব থেকে প্রকাশিত লাইনআপে।
চলচ্চিত্রটির নির্মাতা জসিম আহমেদ গ্লিটজকে বলেন, “যদিও এবারের আসরের ফোকাস হচ্ছে ইউরোপিয়ান সিনেমা, কিন্তু আর্টিস্টিক ইন্ডি ফিল্ম হিসেবে রোহিঙ্গা শরনার্থীদের নিয়ে নির্মিত ছবিটি নিজের শক্তিতেই লড়াইয়ে জায়গা করে নিয়েছে ইউরোপ- আমেরিকার আরো ২২ টি ছবির সঙ্গে। এই ক্যাটাগরির ছবিগুলোর সর্বোচ্চ দৈর্ঘ্য ৫ মিনিট।”
এই উৎসবের ১১টি ক্যাটাগরিতে বিশ্বের ৪৬ টি দেশের ১৫০ টি ছবি প্রতিযোগিতা করছে।
কক্সবাজারের মেরিন ড্রাইভ থেকে ট্রাকে করে একদল শরণার্থীর আশ্রয়ের খোঁজে ছুটে চলা দিয়ে এই চলচ্চিত্রের শুরু ।
তারপর শাহ পরির দ্বীপ দিয়ে আগত আরেকদল শরণার্থীর আগমনের দৃশ্যে দেশ ফেলে আশ্রয় নেওয়া অসংখ্য মানুষের দুর্দশা তুলে ধরা হয়েছে পাঁচ মিনিট দৈর্ঘ্যের ‘আ পেয়ার অব স্যান্ডেল’ প্রামান্যচিত্রটিতে।
নির্মাতা জসীম আহমেদ জানান, এতে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন স্থানে পানি, খাবার ও আশ্রয়ের অভাবে তৈরি হওয়া মানবিক বিপর্যয়ের গল্প বলা হয়েছে।
ইংরেজি ভাষায় এই চলচ্চত্রটির স্ক্রিপ্ট লিখেছেন ফরিদ আহমেদ ও আবহসংগীত করেছেন রিপন নাথ।
