কৌতুহল বাড়ালো অস্কার মঞ্চের সামনেই ওয়াইনস্টিনের মূর্তি
রবিবার রাত্রে ডলবি থিয়েটার হলে অনুষ্ঠিত হবে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। হলের সামনেই ‘কাস্টিং কাউচ’ ওয়াইনস্টিনের মূর্তি প্রবল কৌতুহলের বিষয় হয়ে উঠেছে ।
গত বছর অক্টোবরে ১২জন অভিনেত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে অস্কার কমিটি থেকে বরখাস্ত করা হয় হলিউড প্রযোজক ও পরিবেশক হার্ভি ওয়াইনস্টিনকে।
আর এবছর অস্কার পুরস্কারের আগে, ‘হলিউড ওয়াক অব ফেম’-এর অদূরেই গত বৃহস্পতিবার বসেছে তার মূর্তি ।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অর্ধেক খোলা বাথরোব পরে, এক হাতে অস্কার অ্যাওয়ার্ড নিয়ে সোফায় বসে থাকা মূর্তিটি যৌন হেনস্থায় অভিযুক্ত হার্ভি ওয়াইনস্টিনের।
‘কাস্টিং কাউচ’ নামের এই মূর্তিটি বসিয়েছে প্লাস্টিক জেসাস । ওয়াইনস্টিনের বিরুদ্ধে ওঠা কাস্টিং কাউচের অভিযোগকেই আবারও সবার সামনে নিয়ে এলো এই মূর্তিটি । এ এক অভিনব প্রতিবাদ ।
এই মূর্তি ঘিরে এখন ছবি তুলতে ব্যস্ত পর্যটকরা।
প্রাথমিকভাবে ১২ জন স্বনামধন্য অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ওয়াইনস্টিনকে অস্কার কমিটি থেকে বহিষ্কার করার পরে তার বিরুদ্ধে প্রায় ৬০ জন নারী যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন।
বিশ্বের প্রায় সমস্ত চলচ্চিত্র উৎসব বা পুরস্কার প্রদান অনুষ্ঠানেই এই ঘটনার প্রতিবাদ দেখা গেছে ।
৬৫ বছর বয়সী এই প্রভাবশালী প্রযোজক হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ওয়াইনস্টিনের কো-চেয়ারম্যান এবং মিরাম্যাক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা।
‘দ্য কিংস স্পিচ’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘পাল্প ফিকশন’, ‘গ্যাংস অব নিউ ইয়র্ক’, ‘ম্যালেনা’র মত বহু নামকরা চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি।
ওয়াইনস্টিনের সিনেমা এ পর্যন্ত তিনশর বেশি অস্কার মনোনয়ন পেয়েছে, জিতেছে ৮১টি অস্কার।
তবে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ওয়াইনস্টিনকে নিজের প্রযোজনা সংস্থা থেকেও বরখাস্ত করা হয়েছে।
