‘লিপস্টিক’ সন্ধ্যায় তারার মেলা
নাগরিক টেলিভিশনের নতুন ধারাবাহিক ‘লিপস্টিক’-এর প্রীতি সম্মিলনে হাজির হন নাট্যাঙ্গনের জনপ্রিয় তারকারা।
একদিকে অপূর্ব, মম, সাজু খাদেমের অট্টহাসির শব্দ। অন্যদিকে নাট্যকার মাসুম রেজা, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, শিহাব শাহীন ও অভিনয়শিল্পী লুৎফর রহমান জর্জ’র আড্ডা। শিল্পী সুষমাও যোগ দিয়েছেন তাদের সঙ্গে। সবাই এক হয়েছিলেন ‘লিপস্টিক’-এর প্রীতি সম্মিলনে।
রাত তখন ৮টা ৩০ মিনিটে শিহাব শাহীন সবাইকে ‘লিপস্টিক’ দেখার আমন্ত্রণ জানালেন। টানা ৪২ মিনিট ধারাবাহিকটি উপভোগ করলেন সবাই।
ধারাবাহিকটির প্রথম দুই পর্ব দেখা শেষে নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ধারাবাহিকটি ভালো করে তৈরির জন্য প্রায়শই শিহাব শাহীনের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছিল। উদ্দেশ্য ছিল একটিই, ধারাবাহিকটি ভালো করা যায় কী ভাবে?”
নাট্যকার মাসুম রেজা বলেন, “যে নাটকটি দেখলাম, তাতে করে এ কথা বলতে পারি যে, লিপস্টিক জনপ্রিয়তা পাবে। দর্শকপ্রিয়তা পাবে, এবং নাগরিক টিভি নাটক দিয়ে তার দর্শককে ধরে রাখতে পারবে।”
নির্মাতা গিয়াউদ্দিন সেলিম তার প্রতিক্রিয়ায় বলেন, “নাটকটি দেখে ভালো লেগেছে। এমন নাটক যদি নির্মাণ করা যায়, তবে অবশ্যই দেশের দর্শক দেশের নাটক দেখবেন।”
লিপস্টিক নাটকের পরিচালক ও অন্যতম লেখক শিহাব শাহীন তার বক্তব্যে সংবাদ সম্মেলনে আসার জন্য সাংবাদিকবৃন্দসহ সকলকে ধন্যবাদ জানান। নাটকটিকে ভিন্নধারার ও ভিন্নধর্মী উল্লেখ করে তিনি বলেন, “লিপস্টিক হল কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে একটি মেয়ের পথচলার গল্প, যা সময়ের সঙ্গে অনেকদিকে মোড় নেবে।”
অভিনেতা লুৎফর রহমান জর্জ তার বক্তব্যে বলেন, “আমাদের টিভি নাটক প্রতিবেশী দেশগুলোতেও জনপ্রিয়। নাটকে ব্যবহৃত আমাদের ভাষাও ভারতসহ প্রতিবেশী দেশগুলোর দর্শকরা পছন্দ করে। আশা করছি, নাটকটি দর্শকরা অবশ্যই পছন্দ করবেন।”
আগামী ১ মার্চ থেকে নাগরিক টিভি সম্প্রচার শুরু করবে। প্রথম দিন থেকেই এই নাটকটি নাগরিকের পর্দায় দেখা যাবে।
