২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইজিসিসির সংগীতসন্ধ্যায় ফকির আলমগীর ও মনিরা

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ আয়োজন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 08:50 PM

Updated : 08 Apr 2022, 05:56 PM

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) আয়োজনে লোকসংগীত সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর ও মনিরা ইসলাম পাপ্পু।

আয়োজক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

ফকির আলমগীর গ্লিটজকে বলেন, “২১ ফেব্রুয়ারি আমার জন্মদিন। জন্মদিনকে সামনে রেখেই অনুষ্ঠানে গাইব। যে গানগুলোর জন্য শ্রোতারা আমাকে চেনেন সেই ধরনের কিছু গান যেমন গাইব আবার চেতনার গানও করব।”

তিনি জানান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করবেন। পরে ধারাবাহিকভাবে ‘দাম দিয়ে কিনেছি বাংলা’, ‘সখিনা’সহ অন্যান্য জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।

জনপ্রিয় গণসংগীত শিল্পী ফকির আলমগীরের উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে আছে- ‘ও সখিনা’, ‘শান্তাহার’। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

১৯৭৬ সালে গণসংগীতের দল ‘ঋষিজ শিল্পী গোষ্ঠী’ গঠন করেন। বর্তমানে তিনি গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতিও। ১৯৯৯ সালে তিনি ‘একুশে পদক’ পান।

মনিরা ইসলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সংগীতের উপর উচ্চতর ডিগ্রী নিয়েছেন। তিনি বাংলাদেশে ওস্তাদ বাবু রহমান ও কলকাতার অরুণ ভাদুড়ী, আচার্য জয়ন্ত বোস, কোয়েল দাস ও অভিজিত বসুর কাছ থেকে গানের তালিম নেন।

মনিরা বাংলাদেশ ও ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত গান পরিবেশন করেন।