বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী আর নেই
দীর্ঘদিন মরণঘাতি ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী।
বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে মোহাম্মদপুর পিসি কালচারের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ছাড়াও বেশ কিছু সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠন।
রোববার দুপুর ১২টায় এফডিসিতে জুটন চৌধুরীর মরদেহ আনা হয়। সেখানে চলচ্চিত্র ও সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে শেষ শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাচসাস সভাপতি আব্দুর রহমান, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, প্রযোজক খোরশেদ আলম খসরু, অভিনেতা হেলাল খানসহ অনেকেই।
এরপর বেলা ১টার দিকে জুটন চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখান থেকে রাজারবাগ বরদেশ্বরী কালিমন্দির-সংলগ্ন শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মৃত্যুকালে জুটন চৌধুরী মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সাংবাদিক জুটন চৌধুরী পেশা জীবনে দীর্ঘদিন পাক্ষিক ম্যাগাজিন ‘আনন্দধারা’য় কর্মরত ছিলেন। সম্পাদনা করেন ম্যাগাজিন ‘বিনোদন চিত্র’। সর্বশেষ তিনি দৈনিক সংবাদ প্রতিদিনে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।
