২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ঝরের কথা-সুরে ‘এপারের ৮ ওপারের ৮’

‘এক নির্ঝরের গান’-এ দুই বাংলার ১৬ সংগীতশিল্পীর গান নিয়ে এলেন এনামুল করিম নির্ঝর। এখন থেকে প্রতিমাসেই এ প্রক্রিয়ার আওতায় প্রকাশিত হবে দুই বাংলার শিল্পীদের গান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2018, 07:33 PM

Updated : 25 Jul 2022, 08:30 PM

২০১৪ সালে ৫১ শিল্পীর কণ্ঠে নিজের লেখা ও সুর করা ১০১টি গান নিয়ে ‘এক নির্ঝরের গান’ অ্যালবাম প্রকাশ করেন স্থপতি ও নির্মাতা হিসেবে খ্যাত এনামুল করিম নির্ঝর।

প্রায় চার বছর পর এবার তিনি দুই বাংলার ১৬ জন তরুণ শিল্পীর কণ্ঠে প্রকাশ করছেন তার নতুন গান।

তার লেখা ও সুরে ‘এপারের ৮ ওপারের ৮’ শিরোনামে গান সংকলনের প্রথম কিস্তি প্রকাশিত হয়েছে ১৪ ফেব্রুয়ারি।

এতে গান গেয়েছেন কিঞ্জল, অঙ্কন, সুদীপ্ত, জয়, প্রিয়ংবদা, সোমদত্তা, মুন, লিমন, পিন্টু ঘোষ, ইমন, জয়িতা, রিয়াদ, মেহেদী ও গৌরব । সংগীতায়োজন করেছে সৌরভ চক্রবর্তী, অর্ক সুমন, অনম বিশ্বাস, রোকন ইমন, লাবিক কামাল গৌরব, রেজাউল করিম লিমন, অটমনাল মুন ও রিয়াদ।

এ প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর গ্লিটজকে বলেন, “নানা কারণেই আমাদের শিল্পীদের মধ্যে একধরণের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। ‘এক নির্ঝরের গান’ আসলে শিল্পীদের মাঝে যোগসূত্র স্থাপনের একটি সুতো হিসেবে কাজ করে যাচ্ছে।

এর আগে আমরা দেশের ৫১ শিল্পীর কণ্ঠে ১০১টি গান নিয়ে এসেছিলাম। এবার দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে কাজ করছি তারই প্রথম কিস্তি প্রকাশিত হলো।”

এনামুল করিম নির্ঝর জানান, বাংলাদেশের ৫জন ও কলকাতার ৩জন সংগীতপরিচালক নিয়মিতই নতুন গান নিয়ে কাজ করছেন। দুই বাংলার শিল্পীদের কণ্ঠে প্রতিমাসেই নতুন করে গান প্রকাশিত হবে বলে গ্লিটজকে জানিয়েছেন তিনি।

শুধু গানই নয়, চলচ্চিত্র নিয়েও একই প্রক্রিয়ায় মেতেছেন চলচ্চিত্র ‘আহা’খ্যাত এ নির্মাতা। তিনি বলেন, “চলচ্চিত্র বানানোর ক্ষেত্রেও যে ধরণের প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে তার বিপরীতে দাঁড়িয়ে নতুন করে একটি সমন্বিত প্রয়াসের দিকে এগুচ্ছি আমরা। মার্চে চলচ্চিত্র নিয়ে মুখ খুলবো।”

মূলত তরুণ শিল্পীদের গাওয়া ১৬টি গানের এই সংকলন শুনতে পারবেন বাংলাদেশের জিপি মিউজিক, বাংলালিঙ্ক ভাইব, ভারতের টাইমস মিউজিক এবং গানশালার ইউটিউব চ্যানেলে।