২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নোনাজল’ নিয়ে ফিরলেন তন্ময় তানসেন

ভাইকিংস ব্যান্ডের নতুন গান নিয়ে ফিরলেন তন্ময় তানসেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 06:42 PM

Updated : 08 Apr 2022, 05:53 PM

মূলত গানের লোক তন্ময় তানসেন। বিপুল বাজেটে চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’ নির্মাণ করে সাধারণ মানুষের কাছে নির্মাতা হিসেবেও পরিচিত হয়েছেন তিনি। চলচ্চিত্রের বাইরে নির্মাণ করেছেন নাটকও।

তবে দীর্ঘদিন পর এ সংগীত তারকা ফিরলেন গানে। তার কণ্ঠে ব্যান্ড ভাইকিংস-এর নতুন গান ‘নোনাজল’ প্রকাশিত হলো এই ভালোবাসা দিবস উপলক্ষে।

গানটির কথা লিখেছেন গালিব সরদার। আর সুর-সংগীতায়োজন করেছেন এহসান রাহি।

সিএমভি’র ব্যানারে প্রকাশিত এই গানটি প্রসঙ্গে তন্ময় তানসেন বলেন, “সচরাচর নতুন গান করা হয় না। পরিবেশ পরিস্থিতিও নেই। অনেকদিন পর নতুন একটা গান প্রকাশ পেয়েছে। চেষ্টা করেছি ভালো কিছু করার। বাকিটা শ্রোতাদের উপর ছেড়ে দিলাম। তারাই বিচার করবেন।”

ডিজিটালি প্রকাশিত ‘নোনাজল’ নামের এই সিঙ্গল নাম্বারটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও ছাড়াও জিপি, রবি, বাংলালিংক, এয়ারটেল ও টেলিটক এর মিউজিক প্ল্যাটফর্মগুলোতে শুনতে পাওয়া যাচ্ছে। প্রক্রিয়া চলছে গানটির ভিডিও নির্মাণের।