এখন ৯৫ ভাগ টিভি নাটক দেখা যায় না: আলী যাকের
‘নাট্য নির্মাণ ও চরিত্র সৃজনে দুঁদে কারিগর আলী যাকের’র সাথে কিছুক্ষণ’ শীর্ষক আড্ডায় উপস্থিত হয়ে নিজের নাট্যজীবন ও সমসাময়িক নানা প্রসঙ্গে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের।
ইচ্ছে ছিলো যুদ্ধে যাবেন। এর জন্য যথাযথ ট্রেনিংও নিয়েছিলেন তিনি। একদিন কলকাতার ফুটপাথে হাঁটতে গিয়ে দেখা হলো প্রয়াত চলচ্চিকার আলমগীর কবিরের সঙ্গে। তিনি তাকে বোঝালেন রেডিও দিয়েই অর্ধেক যুদ্ধ জেতা সম্ভব। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইংরেজী বিভাগের অনুষ্ঠান প্রযোজক ও উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন আলী যাকের। যুদ্ধ যখন শেষের পথে তখন বন্ধু নাট্যকার মামুনুর রশীদকে জানালেন তার ইচ্ছের কথা। স্বাধীন দেশে নাটক করবেন তিনি। তারপর ১৯৭২ সালের আলী যাকের আরণ্যক নাট্যদলের হয়ে মামুনুর রশীদের নির্দেশনায় মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটিতে প্রথম অভিনয় করেন।
শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে থিয়েটার ফ্যাক্টরি আয়োজিত ‘আলী যাকেরের সাথে কিছুক্ষণ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের নাট্যজীবন প্রসঙ্গে দীর্ঘ বক্তব্য রাখেন আলী যাকের। অনুষ্ঠানে নিজের নাট্যজীবনের নানা স্মৃতি ও বর্তমান সময়ের নানা প্রসঙ্গে বক্তব্য রাখেন এই জনপ্রিয় নাট্যব্যাক্তিত্ব।
নিজের নাটকে জড়িয়ে যাওয়ার পেছনে তাকে ভাবিয়েছে একটিই কথা। তার ভাষ্যে “কোন জাতি স্বাধীন হতে পারে না বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা ছাড়া। এটি আমাকে খুব ভাবাতো।”
ভিন্নমাত্রার এ আড্ডা-আয়োজনে প্রথমে বক্তব্য রাখেন অভিনেতা ড. ইনামুল হক এবং মফিদুল হক। তারপর প্রায় তিনঘন্টার বক্তব্যে আলী যাকেরের কথায় ফুটে উঠেছে এসময়ের টিভি নাটক নিয়ে তার হতাশার কথাও।
তিনি বলেন, “এখন ৯৫ ভাগ টেভি নাটক দেখা যায় না। অসুস্থতায় কাটিয়েছি দীর্ঘদিন। সেখান থেকে অনেকটা সুস্থ হয়েছি। তবে যেটা হয়েছে ভোর ৪ টার দিকে ঘুম ভেঙ্গে যায়। ৮টার আগে ঘুম আসেনা। সে সময় টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে নাটক দেখা আমার কাজ। তাতে যা অবস্থা দেখি তাতে খারাপ লাগে। কোন একটি নাটকে এমন একটি সংলাপ রয়েছে যে, নাটক ঘরের মধ্যেই হয়া যাইব বাইর হওয়া লাগবনা। পুরো পরিস্থিতি তাই হয়ে গেছে।’
থিয়েটার অন্ত:প্রাণ আলী যাকের ব্যক্তিজীবনে ব্যবসায়িক হিসেবেও সুনাম অর্জন করেছেন। আত্মজৈবনিক এ আলাপে সে জীবন নিয়ে বক্তব্য রাখেন তিনি। বললেন, “আমাদের মত দেশে ব্যবসায়িক সব ব্যাপারে সৎ না হলেও প্রাণের কাজের ব্যাপারে সৎ ছিলাম সবসময়। থিয়েটারকে খেয়ে ফেলার অসৎ ব্যবসায়িক প্রয়াস রয়েছে। তবে জীবন যতদিন আছে ততদিন ঠেকিয়ে যাব।”
আড্ডায় আরও উপস্থিত ছিলেন নাট্যজন ম.হামিদ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের আক্তার হোসেন, নির্মাতা কাওসার চৌধুরী, আপন মাহমুদ, অভিনেতা আশীষ খন্দকার, ত্রপা মজুমদার, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
