জুটি বাঁধলেন অপু-বাপ্পী
দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তির ১৭ বছর পর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নামে আরেকটি চলচ্চিত্র নির্মাণ করছেন উপস্থাপক-নির্মাতা দেবাশীষ বিশ্বাস। এতে জুটি বাঁধছেন বড়পর্দার দুই অভিনয়শিল্পী বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস।
বৃহস্পতিবার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’ ছবিতে অভিনয় করেছিলেন শাবনূর-রিয়াজ জুটি। নামের মিল থাকলেও ছবিটিকে সিক্যুয়েল মানতে নারাজ দেবাশীষ।
বললেন, “শতভাগ কমেডি চলচ্চিত্র এটি। এই ধরনের সিনেমা নির্মাণ করতেই আমি স্বচ্ছন্দবোধ করি। আর আগের সিনেমাটি আলোচিত ছিল। সেই দায়বদ্ধতা থেকেই এটি নির্মাণ করছি।”
খুব শিগগিরই ছবির শ্যুটিং শুরু করতে চান নির্মাতা।
গত বছরের শেষ দিকে অপু বিশ্বাসের সঙ্গে বাপ্পীর প্রেমের গুঞ্জন ছড়ায় বিভিন্ন গণমাধ্যমে। ‘কাঙাল’ নামের একটি ছবিতে অভিনয়ের কথা ছিল তাদের। গুঞ্জনের মুখে ছবিটি থেকে সরে দাঁড়িয়েছিলেন তারা।
বদিউল আলম খোকন পরিচালিত সেই ছবিতে আরও অভিনয় করার কথা ছিল ডি এ তায়েবের।
