২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবস ও নতুন বছরে গানচিল

ভালোবাসা দিবস ও নতুন বছরে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল নিয়ে আসছে বেশকিছু নতুন গান ও ওয়েব ফিকশন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2018, 06:52 PM

Updated : 08 Apr 2022, 05:52 PM

ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে প্রচারিত হচ্ছে ‘ভালোবাসার ফ্রেশ গল্প’ সিরিজের ৬টি নাটক। নাটকগুলোতে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ৫টি ভালোবাসার গান ব্যবহার করা হচ্ছে।

এ উপলক্ষে গানচিল মিউজিকের নতুন বছরের পরিকল্পনা জানাতে বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এক প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়।

‘ভালোবাসার ফ্রেশ গল্প’ শীর্ষক এ সিরিজে নুরুল আলম আতিকের পরিচালনায় ‘আমায় খুঁজোনা’ নাটকে ব্যবহৃত ‘ঘুম’ গানের শিল্পী মাহাদী। এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন পৃথ্বিরাজ।

অন্যদিকে, শিহাব শাহীনের পরিচালনায় ‘বাসস্টপ’ নাটকের ‘কেউ বোঝে তো কেউ বোঝেনা’ গানটিও গেয়েছেন মাহাদি। এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সংগীতশিল্পী মিনার।

‘যখন বসন্ত’ নাটকটির পরিচালনা করেছেন তারিম রহমান অংশু। এই নাটকে ‘দূর থেকে’ গানের শিল্পী মিনার।

কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ‘বি-স্বর্গ’ নাটকের ‘হারানো আকাশ’ গানের শিল্পী এলিটা। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত।

‘হঠাৎ তুমি’ নাটকের পরিচালনায় রয়েছেন গোলাম সোহরাব দোদুল। নাটকে ‘খেয়ালে’ গানটির শিল্পী শুভমিতা ও শোয়েব। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত।

অনুষ্ঠানে গানচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল, সংগীত তারকা পার্থ বড়ুয়া, মিনার, অদিত, গানচিল মিউজিকের সিইও জিয়া উস সোবহান, আমন্ত্রিত শিল্পী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

এ সময় গানচিলের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল জানান, শুধু ভালোবাসা দিবস নয় বছর জুড়েই নানা আয়োজন নিয়ে আসছেন তারা।

তিনি বলেন, “ভালোবাসা দিবস উপলক্ষে নাটকের এ গানগুলো ছাড়াও পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়ার গাওয়া ‘ভাবিনি কখনো’ গানের মিউজিক ভিডিও প্রকাশ হতে যাচ্ছে দুয়েক দিনের মধ্যেই।

এছাড়াও আগামী মাসগুলোতে গানচিল ভিন্নধর্মী ও সুন্দর কিছু গান, মিউজিক ভিডিও এবং ওয়েব ফিকশন নিয়ে আসছে দর্শক শ্রোতাদের জন্য।

এর মধ্যে আছে মুন, শোয়েব, অদিত, পাপন, মিনার, তানজীব সরোয়ার, ইমরান, কণার মতো প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন এবং প্রতিশ্রুতিশীল শিল্পীদের গান ও মিউজিক ভিডিও।

এছাড়াও ইমরাউল রাফাত, আরাফাত সানি এবং আরও কয়েকজন নির্মাতার বেশ কিছু ওয়েব ফিকশনও নিয়ে আসছে গানচিল।”

অনুষ্ঠানে গানচিলের নতুন কন্টেইন্ট উপস্থিত অতিথিদের মাঝে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং কন্টেইন্টের সংশ্লিষ্ট কলাকুশলীদের সঙ্গে ভাবনা বিনিময় করা হয়।