ভালোবাসা দিবস উপলক্ষে ‘শুধু তোমাকে’
ভালোবাসা দিবস উপলক্ষে নতুন নতুন গানে মেতে উঠেছে প্রযোজনা প্রতিষ্ঠান ও শিল্পীরা। তারই ধারাবাহিকতায় নতুন দ্বৈত গান গান নিয়ে এলেন জুয়েল মোর্শেদ। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী মধুবন্তী বাগচী।
‘বোবা ল্যাম্পপোষ্ট মাতাল হাওয়া/ অগোছালো সুরে এ গান গাওয়া/ হাত বাড়িয়ে ছুঁতে চাওয়া, শুধু তোমাকে’, এমন কথার গানটি লিখেছেন এবং সুর করেছেন শাওন গানওয়ালা আর সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।
গানের ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক (প্রেক্ষাগৃহ)। রাজধানীর আশুলিয়া এবং ধানমন্ডি লেকের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে ‘শুধু তোমাকে' গানের শ্যুটিং। গানের ভিডিওতে জুয়েল-মধুবন্তী ছাড়াও দেখা যাবে শিশুশিল্পী আভা আর জায়ান’কেও।
গানটি প্রসঙ্গে জুয়েল মোর্শেদ বলেন, “মধুবন্তী খুব ভালো গায়, পাশাপাশি আমার পছন্দের শিল্পী। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।
আর গানটির ভিডিও অনেকটাই ব্যতিক্রম গল্পে নির্মিত হয়েছে। যা দর্শক-শ্রোতাকে তাদের ছেলে বেলায় নিয়ে যাবে। মনে করিয়ে দেবে মধুর এবং বিরক্তিকর সব স্মৃতি।”
সর্বশেষ যৌথ প্রযোজনার ‘শিকারী’ ছবিতে অরিজিৎ সিং-এর সাথে তার গাওয়া ‘আর কোনো কথা নেই বলে’ গান দিয়ে দুই বাংলায় এখন সমান জনপ্রিয় এই গায়িকা।
গানটি প্রসঙ্গে মধুবন্তী কলকাতা থেকে মুঠো ফোনে বলেন, “আমি খুব বেছে বেছে কাজ করি। সোজাসাপ্টা বললে ভালো গান পেলে গাই, নইলে গাই না। ‘শুধু তোমকে’ আমার পছন্দের একটি গান। গানটিতে দুই বাংলার সঙ্গীতের প্রভাব রয়েছে। তাই আশা করছি গানটি দুই বাংলার শ্রোতাদের কাছে সমাদৃত হবে।”
প্রসঙ্গত, ডিএমএস ভ্যালেন্টাইন উৎসব শুরু হয়েছে ফেব্রুয়ারী ১ তারিখ থেকে। ভালোবাসা দিবসকে সামনে রেখে প্রতিষ্ঠানটি প্রকাশ করছে একাধিক নতুন নতুন সব গান। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারী ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করছে ‘শুধু তোমাকে’ গানটি।
গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস- এর ওয়েব সাইট, জিপি মিউজিক, ইয়ন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
